ঐতিহ্য ভেঙে মাঠে ফেডারেশন কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপের ৩৬ বছরের ইতিহাসটা এবার বুঝি বদলেই গেল! এই টুর্নামেন্ট দিয়েই বরাবর পর্দা উঠত বাংলাদেশের ঘরোয়া ফুটবলের। কিন্তু এবার ঘরোয়া ফুটবল শুরু হয়েছে স্বাধীনতা কাপ দিয়ে, গত মার্চে।
ফেডারেশন কাপটা তাই পিছিয়ে গেছে। তবু ভালো যে দেরিতে হলেও আজ মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। এবার বাফুফের বর্ষপঞ্জিতে ফেডারেশন কাপের নির্দিষ্ট সময়ই ছিল না! ইউরোপের ঘরোয়া টুর্নামেন্টগুলোর আদলে লিগের ফাঁকে ফাঁকে ফেডারেশন কাপ আয়োজনের চিন্তাভাবনাও একবার করা হয়েছিল। শেষ পর্যন্ত ওই পথে হাঁটেননি কর্তাব্যক্তিরা।
ভবিষ্যতে ঐতিহ্য ধরে রাখার পক্ষে বাফুফের পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী। বাফুফে ভবনে কাল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘ফেডারেশন কাপের গুরুত্ব আমরা কমাব না। বরং বাড়াব। এবার নানা কারণে টুর্নামেন্টটা দেরিতে হচ্ছে। তবে অতীতে যেভাবে ছিল, ফেডারেশন কাপ দিয়েই আগামীতে আমরা মৌসুম শুরু করব।’
কিন্তু বাস্তবতা হলো, বাফুফের বর্ষপঞ্জি পরিকল্পনা এতই অগোছালো যে, ক্ষণে ক্ষণে তা বদলে যায়। একটা টুর্নামেন্টের সূচি অন্তত পাঁচ-সাতবার বদলায়। এই ফেডারেশন কাপে কতবার সূচি বদলাতে পারে তা নিয়ে বরং রসিকতা চলছে। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন উঠলে সালাম মুর্শেদী যথারীতি নানা সীমাবদ্ধতার কথা বললেন।
এবারের টুর্নামেন্টে ‘সময়স্বল্পতার’ দোহাই দিয়ে বাছাইপর্বটাও করা হয়নি। প্রিমিয়ারের ১২ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলছে সরাসরি। শীর্ষ দলগুলোর কাছে এটি লিগের প্রস্তুতি হলেও লড়াইটা তীব্রই হবে মনে হচ্ছে। শেখ জামাল শিরোপা জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না, সেই কৌতূহলও থাকছে।
প্রথম দিনেই মাঠে নামছে দুই দর্শকপ্রিয় দল মোহামেডান ও আবাহনী। তেব চ্যাম্পিয়ন শেখ জামালের ম্যাচ রাখা হয়নি উদ্বোধনী দিনে! এর চেয়েও বড় খবর, নিষেধাজ্ঞা কাটিয়ে মামুনুল, জামাল ভূঁইয়াসহ আট ফুটবলার এই টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া ফুটবলে ফিরছেন।
১৭ দিনের টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতাকে এলইডি টিভি উপহার দেবে স্পনসর ওয়ালটন। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্যও থাকছে উপহার। এত এত আয়োজন। মাঠে ভালো খেলার দায়িত্ব এখন খেলোয়াড়দের!
আজকের খেলা
মোহামেডান-রহমতগঞ্জ, আবাহনী-আরামবাগ
(বিকেল ৪টা ও সন্ধ্যা ৭-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)