
শহরের অদূরে পুলিশ লাইন মাঠে অদ্ভুত খেলায় মেতে উঠলেন লি টাক, সানডে, তপু বর্মণরা। ব্যাডমিন্টন কোর্টে টানানো নেটের দুই পাশে দাঁড়িয়ে পা দিয়ে বল সার্ভিস করতে লাগলেন। নেটের ওপর দিয়ে হেড করে বল পাঠাতে লাগলেন দুই পাশে। মিনিট দশেক খেলার পরই আবাহনী দলের আড্ডা। কেউ মজার কোনো কথা বলতেই ছুটল হাসির ফোয়ারা। মাঠের অন্য প্রান্তে উল্টো ছবি। গভীর মনোযোগে অনুশীলন করছে মোহামেডান।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে আজ বিকেল তিনটায় মুখোমুখি দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এবার ঢাকার বাইরে প্রথম আবাহনী-মোহামেডান দ্বৈরথ। যে দ্বৈরথ একসময় পুরো দেশকেই দুই ভাগে ভাগ করে দিত। সেই উন্মাদনা এখন আর নেই। কিন্তু দলটি আবাহনী বলেই কিনা গোপালগঞ্জবাসীর এই ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ। সব শ্রেণিপেশার মানুষের মুখে মুখে এই ম্যাচ নিয়ে আলোচনা। আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের পৈতৃক ভিটা যে এই গোপালগঞ্জে। ম্যাচটির আবেদন তাই মানুষের আবেগেও।
গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাকরি করেন শ্রীমতী বিশ্বাস। মাঠের উল্টো দিকে কর্মস্থল। প্রতিদিনই মাঠে আসেন। আজও আসবেন স্বামী-সন্তানকে নিয়ে। আবাহনী-মোহামেডান ম্যাচ নিয়ে ভীষণ রোমাঞ্চিত ভদ্রমহিলা, ‘এর আগে টেলিভিশনে খেলা দেখেছি। কিন্তু এখানে এমন একটি ম্যাচ হবে সেটা ভাবিনি কখনো। আমরা আবাহনীর সমর্থক। আশা করি, আবাহনীই জিতবে।’
শ্রীমতীর মতো জয়ের স্বপ্ন দেখছেন আবাহনীর কোচ জর্জ কোটানও। লিগের সবচেয়ে ধারাবাহিক দলটি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। প্রথম পর্বে এই মোহামেডানকেই হারিয়েছিল ৩-০ গোলে। আজও জয়ের আশায় মাঠে নামবে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটি। যদিও ১৭ পয়েন্ট নিয়ে তালিকায় দশে থাকা মোহামেডানকে বেশ সমীহ করছেন কোটান, ‘মোহামেডান ভালো দল। দুর্ভাগ্যক্রমে ওরা পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে। ওদের হালকাভাবে নিচ্ছি না। আশা করছি, একটা জমজমাট লড়াই হবে। এটা শুধুই একটা ম্যাচ নয়, দুই দলের জন্যই মর্যাদার লড়াই।’

পাঁচ মৌসুম ধরে বাংলাদেশে খেলছেন ইসমাইল বাঙ্গুরা। আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তাপটাও ভালোই জানা গিনির ফুটবলারের। মোহামেডানের অধিনায়কের চোখে অন্য ম্যাচের চেয়ে এটি আলাদা, ‘এটা বাংলাদেশের রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচ। শুধু আমি নই, এ কথা দেশের সবাই জানে। সবার মনোযোগ এই ম্যাচ ঘিরে।’
মাঠের লড়াইয়ে এ মুহূর্তে মোহামেডানের চেয়ে অনেক এগিয়ে আবাহনী। লি টাক, সানডের সঙ্গে নতুন যোগ হয়েছেন ব্রিটিশ ফরোয়ার্ড জনাথন ডেভিড। আজ এই ত্রয়ী খেললে রক্ষণে হয়তো সামাদ ইউসুফ বাদ পড়তে পারেন। মোহামেডানের শক্তি বলতে ইসমাইল বাঙ্গুরা ও তৌহিদুল আলম। সুযোগ পেলে যেকোনো সময় ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারেন বাঙ্গুরা।
দশম স্থানে থাকা মোহামেডান শিরোপা জিতবে না, এটা নিশ্চিত। তবে আজ জিতলে এই গর্বটুকু করতে পারবে, ‘লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের তো হারিয়েছিলাম!’