লড়াইটা ঐতিহ্যের সঙ্গে নবাগতের। লড়াইটা লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে সদ্য প্রিমিয়ারে ওঠা এক দলের। গত ডিসেম্বরে শেষ হয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুম। প্রায় সাড়ে পাঁচ মাস পর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৫টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল আবাহনী ও নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। সন্ধ্যা সোয়া ৭টায় পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ বিজেএমসি।
দিন তিনেক আগে পূর্বঘোষিত সূচি অনুযায়ী ফেডারেশন কাপ শুরু হয় কি না, এ নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। গত মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট ও লিগের বকেয়া টাকা পাওয়ার দাবিতে প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের সাতটি জোট বেঁধে চিঠি দেয় বাফুফেকে। ফেডারেশন কাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোও ছিল দাবির মধ্যে। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কেটে গেছে। পরশু জরুরি সভায় বাফুফে ফেডারেশন কাপের প্রাইজমানি বাড়িয়েছে। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৫ লাখ থেকে করা হয়েছে ৬ লাখ টাকা, রানার্সআপ দলকে দেওয়া হবে ৩ লাখের বদলে ৪ লাখ। অংশগ্রহণ ফিও বেড়েছে প্রতিটি দলের, এক লাখের বদলে পাবে দ্বিগুণ টাকা। আর প্রিমিয়ার লিগ শুরুর আগে সব বকেয়া অর্থপ্রাপ্তির আশ্বাসেই ফেডারেশন কাপে খেলতে রাজি হয়েছে ক্লাবগুলো।
আবাহনী এরই মধ্যে এএফসি কাপে চারটি ম্যাচ খেলে কিছুটা হলেও নিজেদের বাজিয়ে দেখেছে। কিন্তু চ্যাম্পিয়নশিপ লিগ থেকে রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা সাইফের জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিনই।
আজ মাঠে এই দুই দলের আরেকটি লড়াইও দেখা যেতে পারে। আবাহনী থেকে এই মৌসুমে দল বেঁধে সাইফ স্পোর্টিংয়ে যোগ দিয়েছেন—আরিফুল ইসলাম, তপু বর্মণ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা ও শাকিল আহমেদ। এই পাঁচ ফুটবলারকে নিয়ে কদিন আগেও দুটি ক্লাবের মধ্যে ছিল ‘ঠান্ডা লড়াই’। এঁদের দলবদল নিয়ে তৈরি জটিলতা নিষ্পত্তি করতে হয়েছে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকে। মাঠের লড়াইয়ের পাশাপাশি তাই এদের লড়াইটাও নিশ্চয় কম উপভোগ্য হবে না আজ!