ও বন্ধু আমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধু রোনালদিনহোকে মেসির হৃদয় নিংড়ানো উপহার l ইনস্টাগ্রাম ও টুইটার
বন্ধু রোনালদিনহোকে মেসির হৃদয় নিংড়ানো উপহার l ইনস্টাগ্রাম ও টুইটার

ছোট্ট একটা উপহার। ছোট্ট দুটি বাক্য। অথচ কত আবেগই না উপচে পড়ছে তাতে! মনে করিয়ে দিচ্ছে কত অতীত স্মৃতি! অবশ্য উপহার যিনি দিলেন এবং যিনি নিলেন—দুজনের সম্পর্কটা বরাবরই আবেগময়, অসাধারণ বন্ধুত্বপূর্ণ। আবেগ উপচে পড়াই তো স্বাভাবিক। উপহার দিয়েছেন লিওনেল মেসি, নিয়েছেন রোনালদিনহো। বার্সেলোনার একসময়ের প্রাণভোমরাকে নিজের সই করা একটা জার্সি উপহার দিয়েছেন এখনকার প্রাণভোমরা। যাতে লিখেছেন—‘বন্ধু রোনির জন্য, হৃদয়ের সবটুকু ভালোবাসা। অনেক শুভকামনা।’

লিওনেল মেসি, রোনালদিনহো
লিওনেল মেসি, রোনালদিনহো

১৬ বছর বয়সে প্রথম যেদিন বার্সেলোনার ড্রেসিংরুমে পা রেখেছিলেন লাজুক মেসি, সবার আগে উষ্ণ আলিঙ্গনে অভিবাদন জানিয়েছিলেন রোনালদিনহোই। সে সময় দলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়টির স্নেহের পরশ বোলানো হাত সব সময়ই ছিল মেসির ওপর। এই বন্ধুত্বের প্রতীকই যেন হয়ে আছে বার্সার হয়ে মেসির প্রথম গোলটা। মেসির আজকের বিশ্বসেরা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় প্রভাবও রোনালদিনহোর। সাত বছর আগে রোনালদিনহো বার্সা ছেড়ে গেলেও দুজনের মধ্যে বন্ধুত্ব আজও সজীব-সপ্রাণ।
গত নভেম্বরে বার্নাব্যুতে হয়ে যাওয়া এল ক্লাসিকো ছিল ‘রোনির বার্নাব্যু জয়ে’র দশক পূর্তি। এ উপলক্ষে বার্সেলোনা টিভির একটা দল কিছুদিন আগে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের মিয়ামিতে, বর্তমানে ক্লাবহীন রোনি তখন সেখানেই ছিলেন। সুযোগ বুঝে ওই টিভি ক্রুদের হাত দিয়েই নিজের অটোগ্রাফ দেওয়া জার্সিটা পাঠিয়ে দেন মেসি। বন্ধুর কাছ থেকে পুরস্কার পেয়ে খুশি রোনিও। উচ্ছ্বাস প্রকাশ করে সাবেক বার্সা ‘নাম্বার টেন’ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার বন্ধু, সতীর্থ ও অসাধারণ খেলোয়াড় মেসির কাছ থেকে একটা সই করা জার্সি পেয়েছি। আলিঙ্গন তোমাকে, ভাই!’
রোনি এতটাই খুশি হয়েছেন, ফেসবুক অ্যাকাউন্টেও দিয়েছেন ছবিটা। টুইটারেও লিখেছেন, ‘দেখো, আমার বন্ধু লিওনেল মেসি ওর দেওয়া শার্টে কী লিখেছে! আমার ফেসবুকেও ওর জার্সি সই করা ছবিটা দেওয়া আছে। অসাধারণ!’ ছবি: ইনস্টাগ্রাম ও টুইটার।