ওঁদের চোখ শিরোপায়

টেবিলের ওপর রাখা সোনালি ট্রফি। খানিক পর সেটি হাতে নিয়ে ছবির জন্য পোজ দিলেন মোহামেডান অধিনায়ক বদরুল হাসান ও ব্রাদার্সের এজাজুল ইসলাম। এমন অভিজ্ঞতা দুই তরুণের জন্য একেবারেই নতুন। আগামীকাল বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনাল সেই সুযোগ করে দিল তাদের।
বাফুফে ভবনে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে শিরোপা জয়ের প্রত্যয় জানাল দুই দলই। গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল এই দুদল, ম্যাচ গোলশূন্য। তবে ফাইনাল মানে ভিন্ন স্বাদ। যেখানে অভিজ্ঞতায় এগিয়ে মোহামেডান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৬ ফুটবলে তারাই চ্যাম্পিয়ন হয়েছিল। অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টও জিততে চান সাদাকালোর কোচ জসিমউদ্দিন জোসি, ‘মোহামেডান সব সময়ই চ্যাম্পিয়ন হতে দল গড়ে। এবারও আশা করি আমরা চ্যাম্পিয়ন হব।’ অধিনায়ক বদরুলও বললেন একই কথা।
ব্রাদার্সকে ফাইনালে তুলে কোচ ওয়াসিম ইকবালের চোখ শিরোপায়, ‘ফাইনালে যখন এলাম, চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করতে চাই।’ তাঁর সেই আশার পালে হাওয়া দিচ্ছেন একঝাঁক তরুণ। সেই তরুণদেরই একজন অধিনায়ক এজাজুল খেলেন রংপুর জেলা ফুটবল লিগে। এই অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের জন্য দল গড়তে ব্রাদার্সের ট্রায়ালে আসা ৩৫০ জন ফুটবলারের মধ্যে তিনিও ছিলেন। ব্রাদার্সের মতো দলে খেলতে পেরে খুবই খুশি এজাজুল, ‘ব্রাদার্সের জার্সিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলছি। এটা বিরাট প্রাপ্তি। একদিন জাতীয় দলে খেলারও স্বপ্ন দেখি। তবে এখন সব ভাবনা ফাইনাল ঘিরেই।’