ওঁদের তায়কোয়ান্দো-আনন্দ
ফুটবলের জার্সি গায়েই তাঁকে বেশি মানায়। জাতীয় মহিলা দলের ফুটবলার মাইনু প্রু মারমাকে কাল দেখা গেল ভিন্ন পোশাকে—লম্বা, সাদা আলখেল্লা গায়ে। তায়কোয়ান্দোর পোশাক পরা জাতীয় দলের মিডফিল্ডার প্রস্তুত হচ্ছিলেন লড়াইয়ে নামতে। এমনিতেই বাংলাদেশের মহিলা খেলোয়াড়েরা বহুমুখী প্রতিভার অধিকারী। অনেকে একসঙ্গে খেলেন ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল। তায়কোয়ান্দোর মতো মার্শাল আর্টে খুব কমই দেখা যায় ফুটবলারদের। মাইনু প্রু সেই ব্যতিক্রমদের একজন।
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শুরু হওয়া জাতীয় তায়কোয়ান্দোতে মাইনু খেলছেন চাকরির সুবাদে। রাঙামাটির তরুণী বলছিলেন, ‘আনসারের চাকরি করি, তাই এখানে খেলতে হচ্ছে।’ তায়কোয়ান্দো না ফুটবল, কোনটা বেশি প্রিয়? এবার উত্তর, ‘অবশ্যই ফুটবল। তবে এখানে খেলছি মনের আনন্দে। ফুটবল খেলা এখন বন্ধ, ভাবলাম মন্দ কি, খেলে আসি।’ ফুটবল মাঠের মতো তায়কোয়ান্দোতেও সাবলীল মাইনু। এক সপ্তাহের অনুশীলনেই অনূর্ধ্ব-৫৩ কেজি ওজন শ্রেণীর ফাইনালে উঠেছেন।
মাইনুর মতো মনের আনন্দে খেলতে এসেছেন বিএএফ শাহীন স্কুলের সারাহ হোসেন (প্রমি) ও সুরাইয়া হোসেন (প্রেরণা)। দুই বোনকে একই সঙ্গে ‘মারামারির’ খেলায় নিয়ে এসেছেন মা শাহীন হোসেন। জাতীয় প্রতিযোগিতায় নয়, যেন স্কুলের বার্ষিক পরীক্ষা দিতে এসেছেন সুরাইয়া লাবণ্য, বাশিরুম চৌধুরী, মার্জিয়া সালাহউদ্দিনরা। চোখে-মুখে স্নায়ুচাপের ছাপ। স্কুলে প্রায় এক বছর অনুশীলন করেছেন তাঁরা।
তায়কোয়ান্দো খেলার কারণে পথে-ঘাটে এই মেয়েদের অন্য চেহারাও দেখেছেন অনেকে। শহীদ আনোয়ার গার্লসের বুশরা নওশীন বলছিলেন, ‘স্কুলে যাওয়ার পথে এলাকার দুজন বড় ভাই প্রায় উত্ত্যক্ত করত। তায়কোয়ান্দো খেলা শিখছি জেনে ওঁরা আর ধারেকাছেই ঘেঁষে না!’
তায়কোয়ান্দো খেলা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করছে এই মেয়েদের, খেলাটাও তাঁরা ভালোবেসে ফেলেছেন। আন্তস্কুলে সোনাজয়ী মার্জিয়ার স্বপ্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয়, ‘মারামারির খেলা বলে বাবা-মা রাজি হচ্ছিলেন না। কিন্তু এখন আমার সাফল্য দেখে আপত্তি করেন না। এসএ গেমসে সোনা জেতার স্বপ্ন দেখি।’
হাসপাতালে এক খেলোয়াড়: জাতীয় তায়কোয়ান্দোর প্রথম দিনে প্রতিপক্ষের ঘুষিতে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে গেলেন বরিশালের খেলোয়াড় মোহাম্মদ জাহাঙ্গীর। ১০টি সেলাই লেগেছে তাঁর মাথায়।
প্রথম দিনে মেয়েদের বিভাগে অনূর্ধ্ব-৬৭ কেজিতে আনসারের শ্রাবণী বিশ্বাস, অনূর্ধ্ব-৭৩ কেজিতে একই দলের ফাতেমা, ঊর্ধ্ব-৭৩ কেজিতে আনসারের সুস্মিতা ইসলাম সোনা জিতেছেন।