ওঁরা আসছেন নেইমারদের পর

পেলে বলেছিলেন, ‘ব্রাজিলিয়ানরা ফুটবল শুধু খেলে না, এটা খায়, ঘুমায়, পানও করে। ওরা আসলে ফুটবলেই বাস করে।’ ফুটবল যদি একটা ধর্ম হয়, তার সবচেয়ে একনিষ্ঠ উপাসনা সম্ভবত ব্রাজিলেই হয়। চার্লস মিলার নামের এক স্কটিশ ভদ্রলোক সেই যে এক শ বছর আগে ফুটবল নামের একটা বীজ নিয়ে গিয়েছিলেন, পরে সেটির অঙ্কুরোদ্গম হয়ে শুধু সৌরভ ছড়িয়েছে। কিন্তু এই ব্রাজিলে সামনের দিনে সেই সৌরভ কারা ছড়াবে? পেলে, গারিঞ্চাদের সেই সোনালি প্রজন্মের জন্য অপেক্ষাটা কবে ফুরোবে ?
চার বছর আগে কলম্বিয়ার দলটাকে যারা কাছ থেকে দেখেছেন, তারা নিশ্চয়ই আশায় বুক বেঁধেছিলেন। হলুদ-নীল জার্সি পরেই ওরা সবাইকে মোহাবিষ্ট করে রেখেছিল, তবে মূল দলের হয়ে নয়। সেবার অস্কার, কুতিনহো, দানিলো, কাসেমিরো, ফার্নান্দোরা ব্রাজিলের হয়ে জিতেছিলেন অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ। অস্কার এর মধ্যেই ব্রাজিলে থিতু। লিভারপুলের ফিলিপে কুতিনহো আর রিয়াল মাদ্রিদের দানিলোও ইউরোপিয়ান ফুটবলে নিজেদের চিনিয়ে ফেলেছেন। ব্রাজিল দলেও এই দুজন এখন মোটামুটি নিয়মিতই। মধ্যমাঠে দুই বড় ভরসা রিয়ালের কাসেমিরো আর সাম্পদোরিয়ার ফার্নান্দো। এঁদের সবারই বয়স ২২ থেকে ২৪ এর আশপাশে। কিন্তু ক্লাবের হয়ে তাঁরা যতটা সপ্রতিভ, জাতীয় দলের জার্সি গায়ে এখনো সেরকম কিছু করে দেখাতে পারেননি। অবশ্য বয়স তাদের পক্ষে আছে। সত্তরের সেই সোনালি প্রজন্মের স্মৃতি ফিরিয়ে আনার সব রসদ তাঁদের মধ্যেই আছে।
অনেকেরই মনে প্রশ্ন চলে আসতে পারে, এই দলে নেইমার কই ? ব্রাজিলের অধিনায়ক তখনই মূল দলে খেলে ফেলেছিলেন। সমসাময়িকদের চেয়ে তখনই এগিয়ে গিয়েছিলেন খানিকটা। তবে বয়স মাত্র ২৩। এই ব্রাজিল পুষ্প পল্লবে সুশোভিত হয়ে উঠতে পারবেন কি না, সেটা অনেকটাই নির্ভর করছে নেইমার কতটা মহিরুহ হয়ে উঠতে পারেন সেটার ওপর।
কিন্তু ব্রাজিলে এ রকম কত প্রতিভাই তো অকালে ঝরে যায়। পাওলো হেনরিক গানসোর কথা অনেকেরই মনে থাকার কথা। নেইমারের সঙ্গে এই ফরোয়ার্ডের নামটাও চলে আসত। অথচ তিন বছরের ছোট নেইমার যখন একের পর এক সিঁড়ি ভেঙে যাচ্ছেন, গানসো তখন সাও পাওলোর হয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন একেবারে নিচে।

চার বছর আগের ওই দলের কথাই ধরুন। ওই বিশ্বকাপেই গোল্ডেন বলের পুরস্কার পেয়েছিলেন হেনরিক। ওই বছর অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাত গোল করেছিলেন, সেবার শুধু নেইমারই তাঁর চেয়ে বেশি গোল করেছিলেন। রোমারিও, রোনালদোদের মতো স্ট্রাইকারপ্রসবা দেশের হতাশাটাও এই স্ট্রাইকারের হাত দিয়েই ঘুচবে বলে ধরা হচ্ছিল। কিন্তু এখন মূল দলে খেলা দূরে থাক, ব্রাজিলিয়ান ঘরোয়া লিগেই নিজেকে হারিয়ে খুঁজছেন।
কুতিনহো, অস্কাররা হয়তো মধ্যমাঠের শূন্যতা ঢাকতে পারবেন। অন্তত সেই সামর্থ্য তাঁদের আছে। কিন্তু রোমারিও, রোনালদোদের উত্তরসূরি কই ? একজন স্ট্রাইকারের জন্য যে হা-পিত্যেশ, সেটা ঘুচবে কোন তরুণ তুর্কির হাত (পড়ুন পা) ধরে ? নেইমারকেই বা আর কতকাল এক প্রান্ত থেকে খেলে গোল করার বোঝা একা টেনে নিয়ে যেতে হবে?
অনূর্ধ্ব-২০ দলের গত দশ বছরের পরিসংখ্যান দেখলে কিছুটা আঁচ করা যেতে পারে। ২০০৭ সালে যুব দলের হয়ে ৬ গোল করেছিলেন আলেজান্দ্রে পাতো, ওই বছর দলের হয়ে সর্বোচ্চ। সেই পাতো এখন কোথায় হারিয়ে গেছেন! ২০০৯ সালে অ্যালান কারদেচও ছয় গোল করেছিলেন, তিনি তো পরে মূল দলেই জায়গা পাননি। দুই বছর পর নেইমার এসে আবার মাতালেন, একমাত্র দেখা যাচ্ছে তাঁরটাই ‘ফ্লুক’ ছিল না। এরপর সেভাবে আর কেউ আলো কাড়তে পারেননি। গত বছর এসে আবার আশার আলো দেখাচ্ছেন মার্কোস গিলের্মে।
গিলের্মে নিজে শুধু নয়, তাঁর পুরো দলটাই তো ব্রাজিলিয়ানদের আশার আলো হয়ে আছে। নিউজিল্যান্ডে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ব্রাজিল, সার্বিয়ার কাছে টাইব্রেকারে হেরে অবশ্য পুড়তে হয়েছে স্বপ্নপূরণের বেদনায়। তবে ওই দলের গিলের্মোর সঙ্গে আন্দ্রেয়াস পেরেইরা, গ্যাব্রিয়েল বশিলা, গ্যাব্রিয়েল হেসুস, দানিলোরা দেখিয়েছেন, ভরসা করার মতো অনেক কিছুই তাঁদের মধ্যে আছে।
পেরেইরা যেমন এর মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের হয়ে খেলে ফেলেছেন। গিলের্মোও ২০ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো প্যারানেন্সের নিয়মিত মুখ। ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলোকে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং প্রাহা ৪৫ লাখ ইউরো দিয়ে নিয়ে এসেছে। আর্জেন্টিনার যুব বিশ্বকাপের ওই দলের অ্যাঙ্গেল কোরিয়ার মূল দলে অভিষেকও হয়ে গেছে। ব্রাজিলের এই দলের ‘তরুণ তুর্কি’দের কেউ কেউও হয়তো খুব শিগগিরই খেলে ফেলবেন।
কে জানে, এঁরাই হয়তো সত্তরের সেই দলের স্মৃতি ফিরিয়ে আনবেন!