ওঁরা তিন ফিক্সার?
সন্দেহভাজন ‘ফিক্সারের’ সংখ্যাটা ছিল ২৯। দুই বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর স্প্যানিশ কর্তৃপক্ষ ফিক্সার হিসেবে চিহ্নিত করেছে ১৮ জনকে। এর মধ্যে ফুটবলার তিনজন—হাভিয়ের তোরেস, আন্তোনিও আমায়া কারাজো এবং জর্ডি ফিগেরাসও আছেন এ তালিকায়। স্পেনের পাম্পলোনার এক আদালত তাঁদের ম্যাচ পাতানোর দায়ে বিচারের আওতায় এনেছেন।
ঘটনাটা ২০১৩-১৪ মৌসুমের। সে সময় বেটিসে খেলতেন তোরেস, কারাজো ও ফিগেরাস। লা লিগায় ওসাসুনাকে অবনমনের হাত থেকে বাঁচাতে তিনজনকেই ওসাসুনা কর্মকর্তারা ঘুষ দেন বলে প্রমাণ পান পাম্পলোনার আদালত। প্রথমে ভ্যালাদোলিদকে হারানোর শর্তে ৪ লাখ ইউরো, পরে ওসাসুনার কাছে হেরে যাওয়ার জন্য আড়াই লাখ। ম্যাচের ফলও তেমনি হয়েছিল, ভ্যালাদোলিদকে ৪-৩ গোলে হারানোর পর ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে যায় বেটিস। তবে সেবার ভ্যালাদোলিদ, বেটিস, ওসাসুনা তিন দলই অবনমিত হয়। তিনটি দলই অবশ্য এখন এই অভিযোগ অস্বীকার করছে। রয়টার্স।