অনেক দিক দিয়েই আগামী ফেব্রুয়ারির ফিফা নির্বাচন একটা ইতিহাস গড়তে যাচ্ছে। আটজন প্রার্থিতা নিশ্চিত করেছেন, অতীতের কোনো ফিফা নির্বাচনে এত বেশি প্রার্থী ছিল না। প্রথমবারের মতো আফ্রিকার দুজন প্রার্থী থাকছেন। ইউরোপের আছেন তিনজন, এশিয়ার দুজন, আরেকজন উত্তর আমেরিকার। এই আটজনের যেকোনো একজন হবেন ফিফার পরবর্তী হর্তাকর্তা

প্রিন্স আলী বিন আল হুসেইন
জর্ডান
৩৯ বছর বয়সী প্রিন্স আলী সভাপতি প্রার্থীদের মধ্যে কনিষ্ঠতম। জর্ডানের রাজপরিবারের সদস্য, ২০১১ সাল থেকে ফিফার নির্বাহী কমিটিতে আছেন। গত মে মাসে ফিফা নির্বাচনে সেপ ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। ফিফার দুর্নীতির বিরুদ্ধে অনেক দিন ধরেই সোচ্চার।

মিশেল প্লাতিনি
ফ্রান্স
ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে তাঁর সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। এখন ফিফার নৈতিকতা কমিটির দেওয়া ৯০ দিনের নিষেধাজ্ঞায় আছেন। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে আপিল করেছেন, প্রত্যাখ্যাত হলে প্রার্থী হওয়ার সম্ভাবনা বড় একটা ধাক্কা খাবে। ফিফার উপমহাসচিব হিসেবে কাজ করেছেন, আট বছর ধরে উয়েফার সভাপতিও।

জেরোম শ্যাম্পেন
ফ্রান্স
৫৯ বছর বয়সী ফ্রেঞ্চ পেশায় কূটনীতিক। ফিফাতে যোগ দিয়েছেন ১৯৯৯ সালে, উপমহাসচিবও হয়েছিলেন। দায়িত্ব ছেড়েছেন ২০১০ সালে। কখনো পেশাদার ফুটবল খেলেননি, ফ্রান্স ফুটবলের সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ নির্বাচনেও ব্ল্যাটারের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন প্রয়োজনীয় পাঁচটি ফেডারেশনের সমর্থন পাননি।

ডেভিড নাখিদ
ত্রিনিদাদ ও টোবাগো
এই তালিকার সবচেয়ে ‘রহস্যময়’ প্রার্থী। ৫১ বছর বয়সী নাখিদ ত্রিনিদাদ ও টোবাগোর অধিনায়ক ছিলেন। সুইজারল্যান্ড, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রে খেলেছেন। প্রশাসক হিসেবে অভিজ্ঞতা বলতে নিজের ফুটবল একাডেমি চালানো। ইউরোপের বাইরে ফুটবল ছড়িয়ে দেওয়ার জন্য অনেক দিন ধরেই আন্দোলন করছেন।

টোকিও সেক্সওয়েল
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ছিলেন, কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার সহচরও। রোবেন দ্বীপে বন্দী ছিলেন ১৮ বছর, পরে সরকারের মন্ত্রিসভার সদস্যও হয়েছেন। ৬২ বছর বয়সী এই ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ধনীদের একজন। ২০১০ বিশ্বকাপে আয়োজক কমিটিতে ছিলেন। ফিফার বর্ণবাদবিরোধী কমিটিরও সদস্য।

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা
বাহরাইন
২০১৩ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি হয়েছেন। এ বছরের ফিফা নির্বাচনে চার বছরের জন্য সহসভাপতিও হয়েছেন। কুয়েতি ধনকুবের ও ফিফার সবচেয়ে প্রভাবশালী সদস্যদের একজন শেখ আহমাদ আল ফাহাদ আল সাবাহর সমর্থনপুষ্ট। ২০১১ সালে বাহরাইনের গণতন্ত্রবিরোধী সমাবেশে হামলায় তাঁর উসকানি ছিল বলে অভিযোগ আছে।

জিয়ান্নি ইনফ্যান্তিনো
সুইজারল্যান্ড
৪৫ বছর বয়সী এই সুইস পেশায় আইনজীবী। উয়েফায় যোগ দিয়েছেন ২০০০ সালে, ২০০৯ সালে হয়েছেন সভাপতি। বহুভাষিক এই কর্মকর্তা শুরুতে শুধু আইনি বিষয়গুলো দেখভাল করতেন। উয়েফায় যোগ দেওয়ার আগে আইনি পরামর্শক হিসেবে ইতালি, স্পেন ও সুইজারল্যান্ডের বিভিন্ন ফুটবল সংস্থায়ও কাজ করেছেন। উয়েফার সমর্থন পেয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন শেষ মুহূর্তে।

মুসা বিলিতি
লাইবেরিয়া
লাইবেরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। ইসা হায়াতুর পর মাত্র দ্বিতীয় আফ্রিকান হিসেবে সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন মাস তিনেক আগে। গত ২০-২৫ বছরে ফিফার শীর্ষ কর্তাদের সবাইকে বিদায় করে দেওয়া উচিত, এমন দাবিও তুলেছেন। ২০১৩ সালে কিছু গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার জন্য তাঁকে দায়ী করে ছয় মাস নিষিদ্ধ করেছিল আফ্রিকান ফুটবল কনফেডারেশন।