ওই তিন বছর ভুলতে চান মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

আগেই জানা গিয়েছিল সবকিছু। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। কাল সেটিও নিশ্চিত হলো। হোসে মরিনহো এখন কাগজে-কলমে ম্যানচেস্টার ইউনাইটেডের। দুই পক্ষের চুক্তিটি তিন বছরের।
তিন বছর আগে স্যার অ্যালেক্স ফার্গুসন ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়ে বিদায় নিয়েছিলেন। এর পর থেকে লিগ শিরোপা অধরাই থেকে গেছে ইউনাইটেডের কাছে, এমনকি দুবার চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারেনি। ইউনাইটেডে যোগ দেওয়ার পর কাল নিজের প্রথম সাক্ষাৎকারে মরিনহো বললেন, আগে সেই ব্যর্থতার অচলায়তন ভাঙতে চান, ‘আমার মনে হয় ক্লাবকে আমরা দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে, গত তিন বছর আর আরেকটা হচ্ছে ক্লাবের আগের ইতিহাস। আমার মনে হয়, আমরা এই তিন বছর ভুলে যেতে পারি। আর আমি জানি, সমর্থকেরাও আমার কাছ থেকে সাফল্যই আশা করছে।’
সেই ২০০২ সালে পোর্তোর দায়িত্ব নেওয়ার পর যে ক্লাবেই গেছেন, অন্তত একবার তাদের লিগ এনে দিয়েছেন। আর প্রতিবারই অন্তত শীর্ষ তিনের মধ্যে থেকে শেষ করেছে মরিনহোর ক্লাব। কিন্তু এই মৌসুমেই সবচেয়ে বেশি হোঁচট খেতে হয়েছে পর্তুগিজ কোচকে, চেলসিকে নিয়ে তো অবনমনের সঙ্গেই লড়াই করতে হয়েছে অনেকটা সময়। ইউনাইটেড-অধ্যায়কে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটা ধাপ হিসেবে দেখছেন মরিনহো, ‘আমার খুবই ভালো লাগছে। আমার মনে হয় সবকিছু ঠিক সময়েই হয়েছে। কারণ আমরা যাদের বড় ক্লাব বলি, ইউনাইটেড হচ্ছে সে রকম একটা ক্লাব। আর বড় ক্লাবগুলোর দরকার সেরা কোচ, আমার মনে হয় এই দায়িত্ব নেওয়ার জন্য আমি তৈরি।’
তিন বছর আগে দ্বিতীয় দফায় চেলসিতে এসেই বলেছিলেন, অবশেষে আসল ঠিকানায় ফিরেছেন। ইউনাইটেডে এসেও মরিনহো একটু আবেগাপ্লুত, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারা আমার জন্য বিশেষ একটা সম্মান। এই ক্লাবকে বিশ্বে সবাই চেনে। এটার সঙ্গে এমন এক রোমান্স ও আকর্ষণ জড়িয়ে আছে, যেটা অন্য কোনো ক্লাবের নেই। আমি সব সময়ই ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে একটা হৃদ্যতা অনুভব করেছি। এখানে আমার ক্যারিয়ারের বেশ কিছু স্মরণীয় স্মৃতি আছে। ইউনাইটেড সমর্থকদের সঙ্গেও আমার বেশ সুখস্মৃতি আছে। আমি ইউনাইটেড খেলোয়াড়দের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি।’
কিন্তু রিয়াল মাদ্রিদ-চেলসি থেকে যেমন তিক্ততা নিয়ে বিদায় নিতে হয়েছে, ইউনাইটেডেও তেমনটা হবে না তো? এএফপি।