ওজিলবিহীন জার্মানি, ডাচ দলে রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসুত ওজিল-ভক্তরা খবরটা শুনে একটু হতাশই হতে পারেন। মৌসুমের শুরু থেকে আর্সেনালের জার্সিতে দুর্দান্ত খেলছেন জার্মান মিডফিল্ডার, চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচে লুদোগোরেৎসের বিপক্ষে বিস্ময়-জাগানিয়া এক গোলও করেছেন। অথচ তাঁরই জায়গা হলো না জার্মানি দলে!

তবে ব্যাপারটা ফর্ম বা ফিটনেসের নয়। জার্মানি কোচ জোয়াকিম লো ওজিলকে রাখেননি টানা খেলার ধকলের কথা ভেবেই। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া ‘আন্তর্জাতিক বিরতি’তে বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচ মিলিয়ে দুটি ম্যাচ খেলবে জার্মানি, তাতে ২৮ বছর বয়সী মিডফিল্ডারকে বিশ্রাম দিচ্ছেন লো।

বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচ উপলক্ষে সব দলই গত কয়েক দিনে তাদের দল ঘোষণা করেছে। তাতে দু-একটি চমকও থাকছে। যেমন আরিয়েন রোবেন, এক বছর বিরতির পর আবার হল্যান্ড দলে ফিরছেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার। রাদামেল ফ্যালকাও কলম্বিয়া দলে ফিরছেন দুই বছর পর।

বিশ্ব চ্যাম্পিয়ন বলেই আলোটা বেশি জার্মানির ওপর। বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ ‘পুঁচকে’ সান ম্যারিনোর সঙ্গে, এরপর ইতালির সঙ্গে প্রীতি ম্যাচ। তাই পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিচ্ছেন লো। ওজিলকে দুটি ম্যাচেই বিশ্রাম দিয়েছেন, রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস ও জুভেন্টাসের স্যামি খেদিরাও খেলবেন শুধু সান ম্যারিনো ম্যাচে। বিশ্রাম দেওয়ার ক্ষেত্রে লোর বিবেচনা, ‘ইউরোপের মূল লিগগুলোয় শীতকালীন বিরতিটা বুন্দেসলিগার মতো বড় নয়। এ জন্যই ওসব লিগে খেলা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া দরকার, যারা আমাদের ও ক্লাবের হয়ে নিয়মিত খেলে।’ এদের বদলে তিন তরুণ—বেয়ার লেভারকুসেনের বেঞ্জামিন হেনরিকস, ভলফ্‌সবুর্গের ইয়ানিক গেরহার্ট ও ভেরডার ব্রেমেনের সার্জ গ্যানাব্রিকে দলে ডেকেছেন লো।

এর বাইরে দল ঘোষণায় ফেরার খবরই বেশি। রোবেনের কথাই ধরুন, গত নভেম্বরে ওয়েলসের মাঠে ৩-২ গোলে জয়ের পর থেকে হল্যান্ড দলে আর খেলা হয়নি বায়ার্ন ফরোয়ার্ডের। এক বছর ধরে চোটের সঙ্গেই লড়েছেন ৩২ বছর বয়সী ডাচ। অবশ্য বেলজিয়ামের সঙ্গে বুধবারের প্রীতি ম্যাচ নয়, রোবেন পরে খেলবেন লুক্সেমবার্গের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। রয়টার্স, গোলডটকম।