প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ আর ফুটবলারদের সম্পর্কটি বরাবরই অম্লমধুর। এক দিন গলায় গলায় ভাব তো আরেক দিন কেউ কাউকে সহ্য করতে পারেন না। আর্সেন ওয়েঙ্গার ও মেসুত ওজিল অবশ্য এ দলে পড়েন না। আর্সেনাল কোচ রীতিমতো মুগ্ধ তাঁর শিষ্যের পারফরম্যান্সে। পরশু এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে ২-১ গোলে হারানোর পর ওজিলের প্রাণখোলা প্রশংসা করলেন ওয়েঙ্গার, ‘ফুটবল ভালোবাসলে ওজিলকে আপনার ভালোবাসতেই হবে।’ অ্যাটাকিং মিডফিল্ডার ওজিলের পা থেকে এদিন অবশ্য কোনো গোল আসেনি। তবে অলিভিয়ের জিরুর করা প্রথম গোলটি ছিল তাঁরই বানিয়ে দেওয়া। গত পাঁচ ম্যাচে সাতটি গোল বানিয়ে দিয়েছেন ২৭ বছর বয়সী জার্মান মিডফিল্ডার। ওয়েঙ্গার তাই ওজিলকে নিয়ে মুগ্ধ, ‘সত্যি কথা বলতে কি, মেসুত একজন সেরা খেলোয়াড়। ওকে নিয়ে কথা বলার চেয়ে আমি বরং আবারও ওর খেলা দেখতে চাইব।’ গোলডটকম।