ফুটবল ম্যাচের কোনো ব্যাপার-স্যাপার নয়। এখানে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের একাদশে যারা, তারা হতভাগ্য শিশু-কিশোর। অস্ত্রোপচার করালেই সুস্থ হয়ে উঠবে, অথচ অর্থাভাবে অস্ত্রোপচার হচ্ছে না, ব্রাজিলের এমন ১১ জন শিশু-কিশোরের অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছে মেসুত ওজিল ফাউন্ডেশন। আর্সেনাল মিডফিল্ডার এদেরই বলছেন ‘ওজিলের একাদশ’। ব্রাজিলের মারানহাওয়ে ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে অস্ত্রোপচার হবে তাদের। দুস্থ শিশুদের উন্নয়নে এটিই প্রথম উদ্যোগ নয় ওজিলের। এর আগে ২০১৪ সালে বিশ্বকাপ জিতে পাওয়া বোনাসের অর্থে ব্রাজিলের ২৩টি শিশুর অস্ত্রোপচারের খরচ জুগিয়েছিলেন। মহৎ এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ২০১৪ লরিয়াসে ‘স্পোর্ট ফর গুড’ অ্যাওয়ার্ডও পেয়েছিলেন জার্মান মিডফিল্ডার। তবে পুরস্কারের জন্য নয়, মনের ভেতরের তাগিদ থেকেই এই উদ্যোগ নিয়েছেন ওজিল, চালিয়ে যাবেন ভবিষ্যতেও। দ্য টেলিগ্রাফ।