ওজিলের কী এক গোল!

ক্ষণিকের জন্য আর্সেন ওয়েঙ্গারের মনে হয়েছিল, ওজিল বোধ হয় ভুলই করলেন।
মোহামেদ এলনেনির কাছ থেকে লম্বা পাস এল ছুটে আসা মেসুত ওজিলের পায়ে। আর্সেনাল মিডফিল্ডারের সামনে তখন শুধুই লুদোগোরেৎস গোলরক্ষক মিলান বোরান। অন্যভাবেও কাটানোর চেষ্টা করতে পারতেন। কিন্তু তা না করে জার্মান মিডফিল্ডার চিপ করলেন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। পেছন থেকে কাভার করতে দুজন লুদোগোরেৎস ডিফেন্ডার ততক্ষণে চলে এসেছেন।
ঠিক ওই সময়টায় ওয়েঙ্গারের মনে হলো, এত ক্যারিশমা না দেখিয়ে আরেকটু সহজে কাটিয়ে নিলেই তো হতো। কিন্তু ওজিলের কারিকুরি তখনো শেষ হয়নি। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করেও আবার বল নিজের নিয়ন্ত্রণে নিলেন। তারপর অবিশ্বাস্য ড্রিবলিংয়ে পেছন থেকে আসা এক ডিফেন্ডারকে কাটালেন, একইভাবে দ্বিতীয় জনকেও। সবশেষে বাঁ পায়ে যখন শট নিচ্ছেন, লুদোগোরেৎসের গোলপোস্টে তখন কুমিরের হাঁ!
৮৮ মিনিটে ওজিলের ওই গোলের আগে ম্যাচটি ছিল ২-২ সমতায়। তারও আগে আর্সেনাল একসময় ২-০ গোলেই পিছিয়ে ছিল। কিন্তু অবিশ্বাস্য ওই গোলেই সব হিসাব পাল্টে দিলেন আর্সেনাল মিডফিল্ডার। ৩-২ গোলে জিতে দুই ম্যাচ হাতে রেখেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল আর্সেন ওয়েঙ্গারের দল।
এমন রাতে কোচ ওজিলকে নিয়ে মুগ্ধতার কথা বলবেন, সেটাই স্বাভাবিক। ওয়েঙ্গার অবশ্য নিজের ভুল ভাবনাটার কথাও বললেন, ‘ও যখন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করল, আমি রেগে গিয়েছিলাম। মনে হয়েছিল, ও কাজটা ঠিক করেনি। কিন্তু সে আমাকে ভুল প্রমাণ করে দিল।’ ভুল প্রমাণিত হয়েও বেশ খুশি আর্সেনাল কোচ।
‘এ’ গ্রুপেরই অন্য ম্যাচে সুইস ক্লাব বাসেলকে ২-১ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে পরের রাউন্ডে উঠেছে পিএসজিও। ওদিকে ‘ডি’ গ্রুপের দুই ম্যাচে রাতটা নিজেদের করে নিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আাঁতোয়ান গ্রিজমান আর বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি। গ্রিজমানের জোড়া গোলে রাশিয়ার রোস্তভকে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো। আইন্দহফেনের বিপক্ষে বায়ার্নের ২-১ গোলের জয়েও দুটি গোলই লেভার।
জেতার পরও আত্মসমালোচনা করেছেন অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে, ‘আজ কোচ হিসেবে আমি একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছি। ডাগআউটে আমি অনেক ভুল করেছি, কিন্তু আমার খেলোয়াড়দের কারণে সেসব ভুলের মাশুল দিতে হয়নি।’
৪ ম্যাচের সব কটিতেই জিতে এরই মধ্যে শেষ ষোলোতে উঠে গেছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ৩ জয় আর ১ হার নিয়ে তাদের সঙ্গী বায়ার্নও। তবে বাকি দুই ম্যাচ নিয়ে গা ছাড়া হতে চান না বায়ার্ন কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা চাই ওই দুটি ম্যাচও জিতে গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে যেতে।’ এএফপি, রয়টার্স।
এক নজরে
বেসিকতাস ১: ১ নাপোলি
অ্যাটলেটিকো ২: ১ রোস্তভ
বেনফিকা ১: ০ কিয়েভ
ম’গ্লাডবাখ ১: ১ সেল্টিক
বাসেল ১: ২ পিএসজি
ম্যান সিটি ৩: ১ বার্সেলোনা
লুদোগোরেৎস ২: ৩ আর্সেনাল
আইন্দহফেন ১: ২ বায়ার্ন
* স্বাগতিক দল প্রথমে