ওজিল-সানচেজে জয় আর্সেনালের, জয়ী বায়ার্ন, চেলসিও

আটের ঘরের নামতাটা বোধ হয় জানেন না টমাস মুলার! না হলে কী অমন বেরসিকের মতো কাজ করেন? এভাবে কেউ ‘ছন্দ’ নষ্ট করে?
আট মিনিটে প্রথম গোল, ষোলো মিনিটে দ্বিতীয়টি— খুব ‘সুন্দর ও সুষ্ঠুভাবে’ আটের নামতা মেনে গোল করে যাচ্ছিল বায়ার্ন মিউনিখ ! কিন্তু জার্মান ফরোয়ার্ডের তাতে তর সইল না। পুরো দলকে ‘ছন্দহীন’ করে দিয়ে চার মিনিট পরই গোল করে বসলেন!
তবে অলিম্পিয়াকোসের ভাগ্য ভালো, শেষ পর্যন্ত আর এমন ছন্দ ধরে রাখার ‘কষ্ট’টা আর করল না বায়ার্ন। নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অতিথি হয়ে আসা গ্রিক দলটিকে ৪-০ গোলের পরাজয় হাতে ধরিয়ে দিয়ে ফেরত পাঠাল বাভারিয়ানরা। বায়ার্নের এই জয়ে দারুণ একটা রেকর্ডে নিজের নাম জড়িয়েছেন মুলার। সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে ৫০টি জয়ের অংশীদার তিনি। ২৬ বছর ৭২ দিনে এই রেকর্ডে নাম লিখিয়ে মেসি-রোনালদোকেও পেছনে ফেলেছেন এই জার্মান তারকা। এই তালিকায় তাঁর পরের স্থানে আছেন রাউল গঞ্জালেন (২৬ বছর ২৫৭ দিন)। মেসি তৃতীয় স্থানে থাকলেও রোনালদো আছেন পাঁচে।
তবে অতিথি হওয়ার পূর্ণ মর্যাদা পেয়েছে চেলসি। ম্যাকাবি তেল আবিবের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। তবে এই দুই ম্যাচের চেয়েও বাঁচা-মরার লড়াই বিবেচনায় গুরুত্বপূর্ণ ছিল ‘আর্সেনাল-ডায়নামো জাগরেব’ ম্যাচটি। তাতে অ্যালেক্সিস সানচেজ ও মেসুত ওজিলের সৌজন্যে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা।

আর্সেন ওয়েঙ্গার একটা ‘স্পেশাল ডিনার ট্রিট’ দিতে পারেন ওজিল ও সানচেজকে। অনেক জটিল হয়ে পড়া গ্রুপ পর্বের সমীকরণটা যে এখন ‘শেষ ম্যাচে দুই গোলের ব্যবধানে জিতলেই হবে’—তে চলে এসেছে তাতে সবচেয়ে বড় অবদান তো এই দুজনের। সানচেজ দুই গোল করেছেন, আর তার আগে ২৯ মিনিটে ওজিলকে দিয়ে দলের প্রথম গোলটি করিয়েছেন। তবে শুধু এই গোল-অ্যাসিস্টের হিসাব করতে যায় কে! ফাঁকা পোস্টে ‘ট্যাপ-ইন’ থেকেও তো কত গোল হয়, আবার পাশাপাশি দাঁড়ানো খেলোয়াড়কে ৪/৫ গজি পাস দিয়েও অ্যাসিস্ট করা যায়। কিন্তু ওজিল-সানচেজ মন কেড়ে নিয়েছেন পুরো খেলা গড়ে দিয়ে, স্কিল দিয়ে, গতি দিয়ে, আত্মনিবেদন দিয়ে।
এমনিতেই ম্যাচটার আগে সমীকরণে জটিলতা ছিল। আর্সেনাল জিতলেই চলবে না, শেষ ম্যাচের আগে কিছু সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে অন্য ম্যাচে বায়ার্নকেও জিততে হবে। গানারদের জেতানোর দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিলেন দলের দুই কান্ডারি। ওজিলকে তো দেখে মনে হচ্ছিল, প্রতিপক্ষের ১১ জনকে ফুটবল শেখাচ্ছেন তিনি। পুরো খেলায় আলো ছড়িয়েছেন জার্মান মিডফিল্ডার। শুরু থেকে দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়া জাগরেবকে প্রথম আঘাতও করলেন তিনিই। চার মিনিট পর দলের দ্বিতীয় গোল করা অ্যালেক্সিস যেন কাল দুটির জায়গায় ‘তিনটি ফুসফুস’ নিয়ে নেমেছিলেন। মাঠের এ মাথা-ও মাথা দৌড়েছেন; ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় তো একবার প্রায় ৫০ গজ ছুটলেন শুধু ওজিলের একটা ভুল পাস ধরার জন্য।
এমনকি দুই গোলে এগিয়ে থাকা অবস্থায় তাঁকে উঠিয়ে নেবার কথা থাকলেও সেটি করেননি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। ম্যাচ শেষে যেটির কারণ ব্যাখ্যা করলেন এভাবে, ‘বিরতি নিলে ও আরও ক্লান্ত হয়ে পড়ে’— বিরতি না নিয়ে অবশ্য ভালোই করেছেন সানচেজ। ৬৬ মিনিটে দলের জয় নিয়ে সব শঙ্কা মুছে দেওয়া তৃতীয় গোলটিও এসেছে এই চিলিয়ানের পা থেকে।
এমন জয়ের পর এখনো অর্ধেক কাজ বাকি আছে আর্সেনালের। গ্রুপের শেষ ম্যাচে অলিম্পিয়াকোসের মাঠে গিয়ে জিততে তো হবেই, তবে সেই জয় দুই গোলের ব্যবধানে হলেই ভালো হয়। তবে শঙ্কার ব্যাপারটা হলো, এর আগে যে তিনবার গ্রুপের শেষ ম্যাচে গ্রিক দলটির মাঠে খেলেছে আর্সেনাল, তিনবারই হেরেছে। এবার সেই ‘জুজু’টা কাটাতেই হবে গানারদের। অবশ্য ওজিল-সানচেজরা এমন ফর্মে থাকলে আর্সেনালের ভয় কী!
বায়ার্নের অত হিসেব-নিকেশের যন্ত্রণা নেই। কাল অলিম্পিয়াকোসকে বিধ্বস্ত করে গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোতে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। ২০ মিনিটেই ৩ গোল করা বায়ার্ন যে শেষ পর্যন্ত আর একটিই কেবল গোল করতে পেরেছে, তার কারণ দ্বিতীয়ার্ধের শুরুতেই হোলগার বাডস্টুবারের লাল কার্ড দেখা। শেষ ৩৮ মিনিট দশ জন নিয়ে খেলে কোনো গোল তো খায়ইনি, বরং ৬৯ মিনিটে কিংসলে কোমান শেষ গোলটি করেছেন। এর আগে মুলারের ওই ‘ছন্দ ভঙ্গ’ করা গোলের আগে দলের প্রথম গোল দুটি করেছেন দুজন ভিন্ন খেলোয়াড়। প্রথমটি দুর্দান্ত ফর্মে থাকা ডগলাস কস্তা। দ্বিতীয়টি কে করেছেন অনুমান করতে পারছেন?— ওই যে পোলিশ স্ট্রাইকারটি আছেন না, গোল না করলে যাঁর ঘুম হয়না! রবার্ট লেভানডফস্কি।

এমন একজন স্ট্রাইকার বায়ার্নে আছে দেখে হয়তো গার্দিওলার প্রতি একটু ঈর্ষান্বিতই হচ্ছেন হোসে মরিনহো। তাঁর দলের স্ট্রাইকার যে গোলের সামনে নিয়মিত কাজটা করতে পারছেন না। তবে এতেও জিততে কাল সমস্যা হয়নি চেলসির। ‘পুঁচকে’ ম্যাকাবি তেল আবিবকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
বায়ার্নের যেমন বক্সে লেভানডফস্কি থাকা মানেই গোলের নিশ্চয়তা, চেলসিতে তেমনি নিশ্চয়তা হচ্ছে বক্সের বাইরে থাকা উইলিয়ান। এই ব্রাজিলিয়ান যেন পুরোদস্তুর ‘ফ্রি-কিক মাস্টার’ হয়ে উঠছেন। মৌসুমে এ নিয়ে ১২টি ফ্রি-কিক নিয়েছেন, অর্ধেকই গেছে জালে। কালকের ম্যাচ নিয়ে চ্যাম্পিয়নস লিগে এই ফ্রিকিক সাফল্যের হার আরও বেশি— ৫টি ফ্রি-কিক, ৪ গোল!
কাল ৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে উইলিয়ানের গোলটি বেশ ভরসা দিয়েছে চেলসিকে। এর আগে অবশ্য প্রথমার্ধেই গ্যারি কাহিলের গোলে এগিয়েছিল চেলসি। তবে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার তো তেমন নিশ্চয়তা নেই। উইলিয়ানের গোলে এমনই ভরসা পেল চেলসি, যে এরপর ১৫ মিনিটে আরও দুটি গোল করে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।
লিগে নরউইচের সঙ্গে জয়ের পর কালকের এই জয়— আন্তর্জাতিক বিরতি থেকে এসে বেশ ভালোই করছে মরিনহোর দল। ফর্মটা কী চালিয়ে যেতে পারবেন? তথ্যসূত্র: ইএসপিএন।