ওটা পেনাল্টি ছিল না
বলটা এগিয়ে এসে পাঞ্চ করেছিলেন রিয়াল বেটিস গোলরক্ষক আন্তোনিও আদান। লিওনেল মেসিও ছুটে আসছিলেন হেড করার জন্য, আদানের সঙ্গে বেশ ভালো রকম সংঘর্ষই হয়ে যায় তাঁর। কিন্তু বেটিস খেলোয়াড়দের হতবাক করে রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন, আদানকেও দেখতে হয় হলুদ কার্ড। পেনাল্টিটা যে অন্যায্য, সেটা ধারাভাষ্যকারেরাই বলছিলেন বারবার। শেষ পর্যন্ত তাঁদের কথাই ঠিক হলো, লা লিগা শৃঙ্খলা কমিটি আদানের ওপর থেকে হলুদ কার্ড সরিয়ে নিয়েছে। তার মানে, কমিটি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে ওটা আসলে পেনাল্টি ছিল না।
তিন দিন আগে ওই ঘটনার আগ পর্যন্ত বার্সা কোনো গোল পায়নি। নেইমারের পেনাল্টি কিক অবশ্য বারে লেগে ফিরে আসে, ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন বেটিস ডিফেন্ডার ওয়েস্টারমান। এর পর বার্সা অবশ্য আরও ৩ গোল দিয়েছে। কাল লিগ কমিটি বলেছে, ওই সংঘর্ষটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। বরং মেসিই গোলরক্ষকের গায়ের ওপর গিয়ে পড়েছিলেন। তবে বেটিসের এখন হাপিত্যেশ করে আর লাভ নেই। গোলটা তো আর প্রত্যাহার করা হয়নি। শুধু আদানের হলুদ কার্ডটা নামের পাশ থেকে উঠে গেছে, এই যা!
বার্সাকে অবশ্য আজই আবার মাঠে নামতে হচ্ছে। কাতালান ডার্বিতে মুখোমুখি এসপানিওল। নতুন বছরের শুরুটা লুইস এনরিকে জয় দিয়েই করতে চাইবেন। আজ জিতলে অ্যাটলেটিকোর চেয়ে ৩, আর রিয়ালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে যাবে বার্সেলোনা। ২০০৭ সালের পর নিজেদের মাঠে বিখ্যাত নগরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি এসপানিওল—এটি বার্সাকে বাড়তি আত্মবিশ্বাসই জোগাবে। এএস, ইএসপিএন।