ওটা ফাউলই ছিল, রোনালদোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওটা ফাউলই ছিল’—পেনাল্টি নিয়ে জুভেন্টাসের ব্লেইস মাতুইদিকে কি এ কথাই বলছেন ক্রিস্টিয়ানো রোনালদো? ছবি: এপি
‘ওটা ফাউলই ছিল’—পেনাল্টি নিয়ে জুভেন্টাসের ব্লেইস মাতুইদিকে কি এ কথাই বলছেন ক্রিস্টিয়ানো রোনালদো? ছবি: এপি
>রোনালদো ভেবে পাচ্ছেন না, জুভেন্টাস কেন রিয়ালের প্রাপ্ত পেনাল্টিটি বিতর্কিত করছে। তাঁর ভাষায়, বেনাশিয়া পেছন থেকে ফাউল যদি না করতেন, তাহলে ভাসকেজ গোলই করে ফেলতেন

ক্রিস্টিয়ানো রোনালদো ভেবে পাচ্ছেন না জুভেন্টাসের খেলোয়াড়দের উত্তেজনার কারণ। লুকাস ভাসকেজকে মেধি বেনাশিয়া যে পেছন থেকে ধাক্কা মেরেছেন, তার সাক্ষী গোটা দুনিয়া—পর্তুগিজ তারকার অভিমত এমনই। তাঁর যুক্তি হলো, ‘যদি ভাসকেজকে ধাক্কা দেওয়া না হতো তাহলে সে গোলই করত।’

চ্যাম্পিয়নস লিগে স্নায়ুক্ষয়ী এক ম্যাচই হয়েছে কাল। প্রায় অসম্ভব এক লক্ষ্য পূরণের পথে অনেকটাই এগিয়ে যাওয়া জুভেন্টাস শেষ পর্যন্ত থেমেছে এক পেনাল্টি গোলে। সেই পেনাল্টি নিয়েই তো সব তুলকালাম। প্রতিবাদী হয়ে জুভেন্টাস অধিনায়ক, গোলরক্ষক জিয়ানলুইজি বুফন লালকার্ড দেখেছেন। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় তিনি রেফারিকে ‘পশু’ বলতেও ছাড়েননি তিনি। জর্জো কিয়েলিনি তো বলেই দিয়েছেন, রেফারিকে টাকা খাইয়েই নাকি সুবিধা নিয়েছেন স্প্যানিশ জায়ান্টরা।

রোনালদো অবশ্য ওসব নিয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি। বিইএন স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তিই ব্যবহার করতে চেয়েছেন তিনি, ‘আমি বুঝতে পারছি না, তারা কেন পেনাল্টির বিরুদ্ধে প্রতিবাদ করছে। যদি বেনাশিয়া ফাউল না করত, তাহলে আমাদের ভাসকেজ ওই জায়গায় গোলই করতে পারত। জুভেন্টাসের রক্ষণভাগের খেলোয়াড়েরা অনেকক্ষণ ধরেই পেছন থেকে মারছিল। তবে সেমিফাইনালে উঠতে পেরেই আমরা খুশি।’

ম্যাচটা দারুণ কঠিন ছিল। তবে এটি থেকে অনেক কিছুই শেখার আছে বলে মনে করেন রোনালদো, ‘ম্যাচটা ছিল দীর্ঘ কিন্তু উত্তেজনাময়। এই ম্যাচটা আমাদের শিক্ষা দেয়, ফুটবলে কোনোভাবেই কোনো কিছুতে নিশ্চিত হওয়া যায় না। এতে সাফল্য পেতে শেষ অবধিই লড়াই চালিয়ে যেতে হয়। চ্যাম্পিয়নস লিগে বিভিন্ন ধাপ পেরিয়ে আমরা এখন সেমিফাইনালে।’