ওদের বাধা পেরোনোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র ছেলে আবদুর রহমানকে ছেড়ে এক রাতের জন্যও ঘুমাননি শামসুন নাহার। কাল বিকেলে ফুটবল ভবন ছেড়ে বিশাল বাসটি যখন সিলেটের উদ্দেশে রওনা দিচ্ছিল, তখনো ফুঁপিয়ে কেঁদে চলেছেন মা। শুধু শামসুন নাহারই নন, আরও অনেক অভিভাবকই এসেছিলেন ছেলেদের বিদায় জানাতে। আগামী পরশু সিলেটে বাফুফের ফুটবল একাডেমির উদ্বোধন। ৪০ জন ফুটবলারকে নিয়ে কালই বাস ছেড়ে গেছে সিলেটে।
এদের দেখে বোঝার উপায় নেই, কতটা লড়াই করে এখানে আসা। অনেকের বাবাই রিকশাচালক-দিনমজুর। কেউ বাস কাউন্টারের টিকিট মাস্টার। কারও বাবা সবজি বিক্রেতা, কেউ কৃষক। নুন আনতে পানতা ফুরোয় অবস্থা। কিন্তু মনের মধ্যে বুনে রাখা স্বপ্নে ধুলো জমতে দেননি। সবার উদ্দেশ্যই এক—প্রিয় ছেলেকে বানাবেন দেশসেরা ফুটবলার।
নারায়ণগঞ্জের রহমানের বাবা নুরুল ইসলাম মারা যান তিন বছর আগে। ছেলেকে ফুটবলার বানানোর স্বপ্নে বিভোর ছিলেন তিনি। ছেলের সাফল্যের প্রথম ধাপটা দেখে যেতে পারলেন না বলে আফসোস করছিলেন শামসুর নাহার, ‘ওর বাবা বেঁচে থাকলে বেশি খুশি হতো।’
নীলফামারী শহরে রিকশা চালান মন্টু রায়। ছেলে দীপককে নিয়ে বড় স্বপ্ন দেখেন। তাকে তুলে দেন কোচ ভুবনমোহন তালুকদারের হাতে। চূড়ান্ত বাছাইয়ের পর দীপকের খুশি দেখে কে!
ঠাকুরগাঁওয়ের দেলোয়ারও কম লড়াই করেনি। বাবা আবু তাহের রিকশাচালক। আরেকটু বড় হলেই ছেলেকে ধরিয়ে দিতেন রিকশা। কিন্তু ছেলেকে পেল ফুটবলের নেশা। বাড়ির পাশের স্কুলমাঠে বড় ভাইদের ফুটবল খেলা দেখত। একদিন এক বড় ভাইয়ের কল্যাণে খেলার সুযোগ মিলল। বঙ্গবন্ধু স্কুল ফুটবলে গত বছর ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর স্কুলের সেরা খেলোয়াড় হয়েছিল জেলা পর্যায়ে। সেরা খেলোয়াড় হয়েছে জাতীয় স্কুল হকিতেও। তবে ফুটবলই তার ধ্যানজ্ঞান।
মাঠের পাশে বসে থাকত ঠাকুরগাঁওয়ের জাকির হোসেনও। স্থানীয় টুর্নামেন্টে বড় ভাইদের বল কুড়িয়ে আনত। একদিন এক বড় ভাই বললেন, ‘তুই ফুটবল খেলবি?’ আগ্রহ দেখাতেই সুযোগ মিলল। কুড়িয়ে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে এবার সিলেট যাচ্ছে ১৩ বছরের এই কিশোর।
রিয়াজ হাওলাদারের বাবা ইউসুফ আলী সায়েদাবাদ বাস টার্মিনালের টিকিট মাস্টার। নিজে ফুটবল খেলেননি। কিন্তু ছেলেকে ফুটবলার বানানোর উদ্দেশ্যে ভর্তি করেন আরামবাগ একাডেমিতে। বাবার আস্থার প্রতিদান দিয়ে সিলেটে যাচ্ছে দিলকুশা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র। রিয়াজ বলছিল, ‘ট্রায়ালের আগের রাতে একটুও ঘুমাতে পারিনি।’
কুমিল্লার যুবায়ের স্বপ্ন দেখে জাতীয় দলে খেলার। বাবা বাদল মিয়া দাউদকান্দি বাজারে সবজি বিক্রি করেন। বাবার স্বপ্ন পূরণ করতে বাফুফের একাডেমিতে নিজেকে গড়ে তুলতে চায় গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের ছাত্র।
যশোরের মিনহাজুলের জীবনের গল্পটা অবশ্য আলাদা। বাবা ফজলুল করিম সেনাবাহিনীর চাকুরে, সেনাবাহিনী ফুটবল দলে খেলেছেন ১০ বছর। এবার ছেলেকে জাতীয় দলে খেলানোর স্বপ্নে একাডেমির ট্রায়ালে পাঠান। বাবাকে হতাশ করেনি ছেলে।
একাডেমিতে এখন নিজেদের মানিয়ে নেওয়ার লড়াই শুরু।