বায়ার্ন মিউনিখের মাঠে কাল রাতে ইউরোপিয়ান ফুটবলকে বিষ্মিত করেছে ভিয়ারিয়াল। কখনো ঘরোয়া লিগ জিততে না পারা স্প্যানিশ দলটি ইউরোপের কুলীন ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করেছে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।
অর্থাৎ, তালিকাটা দাঁড়াল এমন—আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ। নামগুলো একবার দেখুন! এসব দলকে পেছনে ফেলে ভিয়ারিয়াল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
গ্রুপপর্বে আতালান্তাকে বিদায় করে ইউনাইটেডের সঙ্গে শেষ ষোলোয় ওঠে উনাই এমেরির দল। শেষ ষোলোয় ইউনাইটেড বাদ পড়লেও জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ভিয়ারিয়াল।
কিন্তু জার্মানির সবচেয়ে সফল দল, এবারের বুন্দেসলিগায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ লা লিগা টেবিলের সাতে থাকা একটা দলের কাছে হেরে বিদায় নেবে, তা ভেবেছে কে! ঘরের মাঠে প্রথম লেগ ১–০ গোলে জেতার পর ফিরতি লেগ ১–১ গোলে ড্র করে ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগ সেমির দেখা পেয়েছে মাত্র ৫০ হাজার জনসংখ্যার শহর ভিয়ারিয়াল অঞ্চলের ক্লাবটি।
বায়ার্নের সঙ্গে ধারে–ভারে কিংবা ঐতিহ্য—কোনোকিছুতেই ভিয়ারিয়ালের তুলনা চলে না। তবু এই প্রত্যাশিত ফলের কারণ হিসেবে বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমানকে দুষতে পারেন জার্মান ক্লাবটির সমর্থকেরা। কারণ?
কাল রাতে স্মরণীয় জয়ের পর ভিয়ারিয়ালের খেলোয়াড়েরা জানিয়েছেন, বায়ার্ন কোচের মন্তব্য তাতিয়ে দিয়েছিল খেলোয়াড়দের। কিছু একটা করে দেখানোর জিদ চেপেছিল ভিয়ারিয়াল খেলোয়াড়দের মনের মাঝে। তাতেই পুড়েছে বায়ার্ন।
ভিয়ারিয়ালের মিডফিল্ডার দানি পারেয়ো সংবাদমাধ্যম ‘মুভিস্টার’কে জানিয়েছেন সেসব কথা, ‘ড্রয়ে ভিয়ারিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার পর (বায়ার্ন কোচ) নাগেলসমান প্রথম লেগেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে চেয়েছিলেন। আমার মতে, এই কথা বলে তিনি ভিয়ারিয়াল ও ফুটবলকে তিনি অসম্মান করেছেন। আসলে ওপর দিকে থুতু ছুঁড়লে তা নিজের মুখেই পড়ে।’
বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসমান প্রথম লেগে হারের পর বলেছিলেন, ভিয়ারিয়াল ১–০ গোলে ম্যাচটা জিতে ‘আমাদের টিকে থাকার সুযোগ করে দিয়ে ভুল করেছে।’ নাগেলসমান আসলে বোঝাতে চেয়েছিলেন, মাত্র এক গোলের ব্যবধান বায়ার্নের জন্য কোনো সমস্যাই না। কিন্তু ফিরতি লেগে তাঁকে মুদ্রার অন্য পিঠ দেখানোর পর নাগেলসমানকে এক হাত নিয়েছেন ভিয়ারিয়ালের স্প্যানিশ স্ট্রাইকার জেরার্দ মোরেনো।
ফিরতি লেগের ৮৮ মিনিটে চুকউয়েজিকে দিয়ে গোল করানো মোরেনো বায়ার্ন কোচকে তাঁর নিজের কথাই ফেরত দেন, ‘প্রথম লেগেই আমরা ম্যাচের ভাগ্য নির্ধারণ না করে ভুল করেছি। মন্তব্যগুলো উদ্দীপনা হিসেবে কাজে লেগেছে। ওরা আজ আমাদের টিকে থাকার সুযোগ করে দিয়ে ভুল করেছে। আমরা এই সুযোগটাই নিয়েছি।’
ভিয়ারিয়াল তাঁদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছে গত বছর কোচ এমেরির হাত ধরে। ইউরোপা লিগ জয়ের পথে হারিয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলকে। এমেরি জানেন, ইউরোপে সাফল্য পেতে হলে বড় দলকে হারানোর বিকল্প নেই।
চ্যাম্পিয়নস লিগেও তা করে দেখানোর পর ভিয়ারিয়াল কোচ সে কথাই বললেন, ‘এই প্রতিযোগিতায় কিছু পেতে হলে বড় দলকে হারাতে হবে। জুভেন্টাসকে হারানোটা ছিল সে পথে আমাদের প্রথম ধাপ। বায়ার্নের বিপক্ষে ম্যাচটা আমরা ভালো বুঝেছি। এখন সামনে লিভারপুল কিংবা বেনফিকা একই কথা। সেমিফাইনালে আমরা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’