ওবামার ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার বাজির দরও এর চেয়ে কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেস্টারের জয়ে ক্ষতির সম্মুখীন ব্রিটিশ বাজি শিল্প। ছবি: এএফপি।
লেস্টারের জয়ে ক্ষতির সম্মুখীন ব্রিটিশ বাজি শিল্প। ছবি: এএফপি।

মৌসুমের শুরুতে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০/১। মানে ইংলিশ প্রিমিয়ার লিগে দলটার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল কয়েকজন অতি আশাবাদীর ভাবনাতেই। কিন্তু মৌসুম শেষে সেই অতি আশাবাদেরই যে জয়জয়কার। কেবল আশাকে আশ্রয় করে যাঁরা লেস্টারের পক্ষে বাজির ঘোড়া ছুটিয়েছিলেন, তাঁদের ব্যাংক হিসাবই এখন ফুলে-ফেঁপে ওঠার পর্যায়ে আছে।
বাজিকরদেরই পরিশোধ করতে হবে সেই অর্থ। ব্যাপারটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তাতেই দিন কাটছে তাদের। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল কিংবা লিভারপুলের মতো ক্লাবগুলো শিরোপা জিতলে বাজিকরদের যে পরিমাণ টাকা পরিশোধ করতে হতো, লেস্টার চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই সে অর্থের অঙ্কটা বেড়ে গিয়ে রীতিমতো আকাশ ছুঁয়েছে!

স্কাই বেট নামের একটি বাজি প্রতিষ্ঠান বলছে, এই মৌসুম শেষে তাদের ব্যবসায় লাভের চেয়ে ক্ষতির অঙ্কটাই বেশি। কারণ লেস্টার চ্যাম্পিয়ন হওয়ায় তাদের রেকর্ড পরিমাণ অর্থ গুনতে হচ্ছে। অঙ্কটা ছাড়িয়ে যেতে পারে ৪.৬ মিলিয়ন পাউন্ড। মৌসুমের শুরুকে ১২৮ জন স্কাই বেটে লেস্টারের পক্ষে বাজি ধরেছিল।
লেস্টার চ্যাম্পিয়ন হওয়ায় ২.২ মিলিয়ন পাউন্ড নেট ক্ষতির সম্মুখীন উইলিয়াম হিল নামের একটি বাজি প্রতিষ্ঠান। তাদের প্রতিষ্ঠানে বাজি ধরেছিল মাত্র ১২ জন। সর্বোচ্চ ২০ পাউন্ড থেকে সর্বনিম্ন ৫ পেন্স পর্যন্ত বাজি ধরেছিলেন এঁরা। সব মিলিয়ে বাজিকর প্রতিষ্ঠানগুলোর ১০ মিলিয়ন বা এক কোটি পাউন্ডের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকা প্রায়।
বাজিকর প্রতিষ্ঠানের ক্ষতি মানেই তো জুয়াড়িদের লাভে লাভ। লেই হেরবের্ট নামের এক কাঠমিস্ত্রি যেমন ৫ পাউন্ড বাজি ধরে ২৫০০০ হাজার পাউন্ড জিতেছেন। বিজয়ীদের মধ্যেও কেউ কেউ হাতছাড়া করেছেন লাভের অঙ্কটা বাড়িয়ে নেওয়ার সুযোগ। জন প্রাইক নামের এক লেস্টার ভক্ত বাজি প্রতিষ্ঠান লেডব্রোকের সঙ্গে ২০ পাউন্ড বাজি ধরেছিলেন। বাজিতে ১ লাখ পাউন্ড জেতার কথা ছিল। কিন্তু এই মানসিক চাপ আর নিতে পারছিলেন না। মার্চ মাসের শুরুতে লেডব্রোক তাঁকে সমঝোতার প্রস্তাব দেয়। বাজি তখনই ভাঙিয়ে নিলে ২৯ হাজার পাউন্ড পাবেন। প্রাইক তাতেই রাজি হয়ে যান। মাত্র দুই মাস অপেক্ষা করলেই পেতেন আরও ৭১ হাজার পাউন্ড!
তবে তাঁর চেয়েও ‘দুর্ভাগা’ আছেন! নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়াড়ি ৫০ পাউন্ড বাজি ধরেছিলেন লেডব্রোকের সঙ্গে। ২ লাখ ৫০ হাজার পাউন্ড জিততে পারতেন। কিন্তু তিনিও ৭২,৩৩৫ পাউন্ড দেওয়ার প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। তাতেই রাজি হয়ে যান তিনি। তবে দুই সমর্থকই একটি কথাই বলেছেন, পুরো অঙ্কটা না পেলেও ২০/৫০ পাউন্ডের বিনিময়ে যা পাচ্ছেন, সেটাই তো অনেক।
এবার শোনা যাচ্ছে, প্রিমিয়ার লিগে উঠে আসা বার্নলির পক্ষে নাকি থাকবে এই ৫০০০-১ বাজির দর। যত বাজি ধরবেন, তার চেয়ে ৫ হাজার গুণ বেশি পাবেন—এমন বাজি আসলেই অবিশ্বাস্য। কতটা অবিশ্বাস্য? বহু আগেই মারা যাওয়া সংগীত কিংবদন্তি এলভিস প্রিসলি বেঁচে আছেন, সেটার বাজির দরও ২০০০-১। অথচ লেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিততে পারে এর পক্ষে বাজির দর ছিল ৫০০০-১।
অর্থাৎ ক্লদিও রানিয়েরির দলের ইংলিশ লিগ জিততে পারার চেয়ে প্রিসলির বেঁচে থাকায় বিশ্বাস করা লোকের সংখ্যাই বেশি ছিল! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মেয়াদ শেষে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলবেন—এর পক্ষেও এত বড় বাজির দর ওঠেনি! সূত্র : এএফপি।