ওমান নয়, চোখ ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে প্রথম ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশের সামনে আজ প্রতিপক্ষ ওমান। পরশু ওমানকে ১১-০ গোলে ভাসিয়েছে ভারত। তাই মাওলানা ভাসানী স্টেডিয়ামে বেলা তিনটায় শুরু হওয়া ম্যাচটা কঠিন হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য।
এই দলটিকে ২০০১ মালয়েশিয়ার ইপোতে প্রথম অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সময়ের সঙ্গে ওমান উন্নতি করেছে ঠিক, দুই দেশের জাতীয় দলের র্যাঙ্কিংয়ে ওমান বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে এটিও ঠিক। তবে গ্রুপের শেষ ম্যাচে ঢাকার মাঠে তারা বাংলাদেশকে হারিয়ে দিতে পারবে এটা মনে করা কঠিন।
সেমিফাইনালে উঠতে বাংলাদেশের বিপক্ষে ওমানের প্রয়োজন ছয় গোলের ব্যবধানে জয়। পাঁচ গোলে হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে যাবে বাংলাদেশ। সমীকরণটা সহজ হলেও বাংলাদেশ অধিনায়ক রুমন সরকার সতর্ক, ‘কোনো দলকেই ছোট করে দেখছি না। ওমান আমাদের সঙ্গে ভালো খেলে। তাই আমরা সাবধান থাকব মাঠে।’
ওমানের সঙ্গে খুব বাজে কিছু না করলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে মোটামুটি নিশ্চিতই। ভারত গ্রুপ রানার্সআপ। সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ চীন। আর চীনকে হারিয়ে ফাইনালে ওঠারই হিসাব-নিকাশ চলছে বাংলদেশ দলে। ভারত ম্যাচে চার গোল করে জয়ের নায়ক পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম যেমন বলছেন, ‘আমরা ফাইনালে খেলতে চাই। সেটাই এখন আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।’