ওমানের সঙ্গে সেই গোলটি কখনো ভুলবেন না চুন্নু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ফেব্রুয়ারি, ১৯৮২—এই দিনে পাকিস্তানের করাচিতে প্রথম ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কায়দে আজম ট্রফির সেই ম্যাচে লাল-সবুজের দল হেরে গিয়েছিল ৩-১ গোলে। মানুষ জয়ের স্মৃতিটাই হয়তো বেশি মনে রাখে। হারটা ভুলে যেতে চায়। তারপরও হারের স্মৃতি দুয়ারে এসে দাঁড়ায়। আজ রাতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে ওমানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩৯ বছর আগের সেই ওমান ম্যাচের স্মৃতি উঁকি দিচ্ছে কয়েকজন ফুটবলারের মনে, যাঁরা বাংলাদেশের জার্সিতে ওই ম্যাচটা খেলেছিলেন।

দোহার আজকের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায়। এ ম্যাচ দিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে জেমি ডের দল। এমন দিনে অতীতে ফিরে গেলেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। ১৯৮২ সালে সেই ম্যাচে বাংলাদেশের গোলদাতা যে তিনিই ছিলেন।

চুন্নু ৩৯ বছর পেছন ফিরে বলেন, ‘ওমানের সঙ্গে সেই গোলটি মনে পড়ছে। আন্তর্জাতিক ফুটবলে আমার ১৭ গোলের মধ্যে সেটিকে অন্যতম সেরাই মনে করি আমি। ফ্রি-কিক থেকে গোলটা করেছিলাম। ওমানের ৮ জন দেয়াল তৈরি করেছিল। আমি দেয়ালের ওপর দিয়ে গোলটা করেছিলাম। এমন গোল ভোলা সম্ভব নয়।’

ওই সফরে চুন্নু ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে গিয়েছিল লাল-সবুজের দল। এ নিয়ে আজও আক্ষেপ রয়েছে চুন্নুর, ‘তখন ঢাকা লিগ বন্ধ ছিল। এ কারণে খেলোয়াড়দের ফিটনেস তেমন ভালো ছিল না। তাই আমরা খুব একটা ভালো করতে পারিনি। তারপরও চেষ্টা করেছিলাম ভালো খেলতে। পাকিস্তানের সঙ্গে জিতেছিলাম। তবে হেরেছিলাম ওমানের সঙ্গে। সেই ওমান অনেক দূর এগিয়ে গেছে। আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। এটাই আমাদের জন্য সবচেয়ে হতাশার বিষয়।’

হাসানুজ্জামান বাবলুও খেলেছিলেন ৩৯ বছর আগের সে ম্যাচে।
ছবি: প্রথম আলো

পাকিস্তানে সেই সফরে বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় ছিলেন হাসানুজ্জামান বাবলু। তাঁরও মনে পড়ে যাচ্ছে ওমানের বিপক্ষে খেলা সেই দিনটির কথা। বাবলু বলছিলেন, ‘তখন ওমানের সঙ্গে আমাদের পার্থক্য এখনকার মতো ছিল না। তারা তো এখন অনেক এগিয়ে গেছে। ওদের অনেক নামীদামি খেলোয়াড় আছে। ওমানের খেলোয়াড়দের উচ্চতা, শারীরিক সক্ষমতা সবই ভালো।’

স্মৃতি হাতড়ে বাবলু বলতে থাকেন, ‘ওমানের সেই দলের এক খেলোয়াড় ছিল পাকিস্তানি বংশোদ্ভূত। মা ওমানের, বাবা পাকিস্তানের। উর্দু বলতে পারত। মাঠে খুব মেরে খেলত। ১০ নম্বর জার্সি পরা, টাক মাথা। ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এত ভালো খেলোয়াড় কিন্তু এত মেরে খেল কেন? ও বলেছিল, আমি অনুশীলনে আমার নিজ দলের খেলোয়াড়দেরই মারি, তোমাদের মারব না কেন!’

বাবলুদের খেলোয়াড়ি জীবনে গোপীবাগের মাহমুদ নামের একজন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ওমান ফুটবল দলের সঙ্গে যুক্ত হন পরবর্তী সময়ে। গল্পটা বলছিলেন বাবলু, ‘আমাদের খেলোয়াড়ি জীবনে ওমানের দল এসেছে ঢাকায় খেলতে। মাহমুদ নামের ছেলেটি খোকা ভাইয়ের (প্রয়াত ঢাকার মেয়র ও মন্ত্রী সাদেক হোসেন খোকা) সহায়তায় ওমানের দলের সঙ্গে চলে যায় মেডিকেল অফিসার হিসেবে। এখন সে অনেক ভালো অবস্থানে আছে সেখানে। দোহায় ২০০৬ এশিয়ান গেমসে গিয়েছিলাম বাংলাদেশ দল নিয়ে। তখন ওমান দলের সঙ্গে ডাক্তার হিসেবে আসে মাহমুদ। ওই সময়ই সে বলেছিল, ওমান আর সেই ওমান নেই। অনেক এগিয়ে গেছে। ফুটবলে নিজেদের অবকাঠামো উন্নতি করেছে অনেক।’

১৯৮২ সালে কায়েদে আজম ট্রফিতে বাংলাদেশের সেই দল। অধিনায়ক ছিলেন আশরাফউদ্দিন চুন্নু
ছবি: সংগৃহীত

ওমানের একটি দলের বিপক্ষে ঢাকায় আগাখান গোল্ডকাপে খেলেছেন জানিয়ে বাবলুর সংযোজন, ‘ঢাকায় ৩-১ গোলে আমরা হারিয়েছিলাম ওমানের দলটিকে। আমার একটি গোল আছে ফ্রি-কিকে। সম্ভবত ১৯৮১ সালে প্রথম প্রেসিডেন্ট গোল্ডকাপে।’

ওমানকে আজ যতটুকু সম্ভব আটকে রেখে খেলতে হবে, বলছেন বাংলাদেশের সাবেক ফুটবলাররা। ফিফার তালিকায় ওমান ৮০, বাংলাদেশ ১৮৪। ১০৪ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে সম্মানজনক একটা ফলই চান চুন্নু-বাবলুরা। বাবলুর মতে, ওমানের সঙ্গে সমানে টক্কর দিতে গেলে বিপদ হতে পারে বাংলাদেশের। তপু বর্মণদের রক্ষণে ওমান জায়গা পেয়ে গেলে বেশি গোল করে ফেলতে পারে, এমন শঙ্কা দেখছেন চুন্নু। আর বাবলু বলছেন, ‘কোচ যদি উচ্চাভিলাষী হতে চান, তাহলে ওমানকে সামলাতে পারবেন না।’

দোহায় বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে কোনোমতে ১-১ গোলে ড্র করলেও ভারতের কাছে বাজে খেলে হেরেছে ২-০ গোলে। বাংলাদেশ বলই পায়ে রাখতে পারেনি দুটি ম্যাচে—আফগানিস্তানের সঙ্গে ২৭ আর ভারতের সঙ্গে ২৬ ভাগ। এ নিয়ে হতাশা প্রকাশ করে বাবলুর কথা, ‘বাংলাদেশ যেটুকু খেলেছে এর কৃতিত্ব ক্লাবগুলোর। ক্লাবই খেলোয়াড়দের লালন-পালন করে। তাই ক্লাবগুলোকেই বাহবা দেওয়া উচিত। বাংলাদেশের ফুটবলারদের ফিটনেস উন্নতি হয়েছে এটা ঠিক। এই কৃতিত্ব ক্লাবের। তবে সামগ্রিকভাবে আমরা এগোতে পারিনি। তারপরও বলব, আজ ওমানের সঙ্গে ভালো লড়াই চাই বাংলাদেশ দলের কাছে।’