ওর্ডের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বয়সভিত্তিক ফুটবল দলের কাঠামো ভঙ্গুর। তাই যুবদল গঠন করতে এখন ট্রায়াল ডাকতে হচ্ছে বাফুফেকে।
ট্রায়াল হতে পারে অনূর্ধ্ব-৮, ১০ বা ১২ পর্যায়ে। এর ওপরের দিকে ধারাবাহিক প্রক্রিয়ায় খেলোয়াড় উঠে আসার কথা। কিন্তু ওই সূত্র মেনে এগোচ্ছে না বাংলাদেশের ফুটবল। তাই এখন জাতীয় দলের ঠিক নিচের স্তর অনূর্ধ্ব-২৩ পর্যায়েও ট্রায়াল ডেকে খেলোয়াড় বাছাই করতে হয়!
কমলাপুর স্টেডিয়ামে যেমন অনূর্ধ্ব-২৩ দলের তিন দিনের ট্রায়াল শেষ হয়েছে গত পরশু। গতকাল শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দল গড়তে ট্রায়াল। দুটি ট্রায়ালেরই উদ্দেশ্য অভিন্ন। ১৯ জুলাই থেকে ফিলিস্তিনে শুরু এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে খেলবে বাংলাদেশ। ৩১ অক্টোবর থেকে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের খেলা।
দুটি টুর্নামেন্ট সামনে রেখে অবশ্য উন্মুক্ত ট্রায়াল করা হচ্ছে না। নির্ধারিত কিছু খেলোয়াড়কে দেখা হচ্ছে। অনূর্ধ্ব-২৩ বিভাগে প্রিমিয়ার, চ্যাম্পিয়নশিপ লিগের বাছাই করা প্রায় ৫০ জন ফুটবলারকে ট্রায়ালে দেখেছেন নতুন কোচ অ্যান্ড্রু ওর্ড। তাঁর সঙ্গে অন্য বিদেশি কোচরাও আছেন। গতকাল শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে প্রথম তিন দিন দেখা হবে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপের খেলোয়াড়দের। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৮ জাতীয় টুর্নামেন্ট থেকে বাছাইকৃতদের ট্রায়াল চতুর্থ ও পঞ্চম দিনে।
এই ট্রায়ালযজ্ঞে প্রিমিয়ার লিগে চোখকাড়া কিছু ফুটবলারও ছিলেন। অনূর্ধ্ব-২৩ দলের ট্রায়ালে ঢাকা আবাহনীর রুবেল ও সাদ, সাইফ স্পোর্টিংয়ের জুয়েল রানাসহ ইব্রাহিম, জিকো, কৌশিকরা এসেছেন। অনূর্ধ্ব-১৯ বিভাগে প্রথম দিনে এসেছেন ৭০ জনের মতো। গোলরক্ষক প্রায় ১২-১৪ জন। বড় আবাহনীর বাদশা, শেখ জামালের নিপুসহ আরও কয়েকজন চেনা মুখ আছেন এই ট্রায়ালে।
কোচরা সাধারণত ট্রায়াল দেখে যা বলেন, ওর্ডও ব্যতিক্রম নন, ‘ছেলেদের ব্যক্তিগত নৈপুণ্য আমার ভালোই লেগেছে। প্রতিভাবান ফুটবলার আছে। আমি আশাবাদী, এদের নিয়ে কাজ করলে ভালো কিছু হবে।’ এই ট্রায়াল-প্রক্রিয়া দেখে আশার কথা বললেন বাফুফের কোচ মাসুদ কায়সার পারভেজও, ‘প্রথম দিনে ছেলেদের আগ্রহ দেখে ভালোই লেগেছে। সম্ভাবনা আছে অনেকের মধ্যেই। পরিচর্যা করা গেলে ভালো ফল পাওয়া যাবে।’
কিন্তু অনেকেই বলবেন দল গঠনের ধারাবাহিক প্রক্রিয়াগুলো ঠিক থাকলে এভাবে ট্রায়াল ডাকা প্রয়োজন হতো না। চার-পাঁচ বছর আগে কয়েকটি বয়সভিত্তিক দল গঠনের একটা উদ্যোগ ছিল। কিন্তু ধারাবাহিকতা না থাকায় ভেস্তে যায় সবকিছু। এবার বলা হচ্ছে ধারাবাহিকতা রাখা হবে। বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি বলেছেন, ‘সব কটি দল একই কোচিং পদ্ধতি অনুসরণ না করায় সমস্যা হয়। এখন থেকে তাই সব দল একই সূত্র মেনে অনুশীলন করবে। বিষয়টা তদারক করতে সব বয়সভিত্তিক দলেই উপদেষ্টা কোচ করা হয়েছে ওর্ডকে।’
কোচ না হয় থাকলেন, কিন্তু বয়সভিত্তিক কোনো পর্যায়েই বাংলাদেশে ডেটাবেইস নেই। ফলে কাজের ক্ষেত্রে সমস্যা হয় কোচদের। তা ছাড়া বারবার খেলোয়াড় বাছাই মানে সময় ও অর্থ দুটোরই অপচয়।
অথচ পাশের দেশ নেপাল বা ভারতে ভিন্ন চিত্র। সেখানে বয়সভিত্তিক পর্যায়ে একটা সিঁড়ি তৈরি হয়েছে। নিজেদের মাটিতে আগামী ৬-২৮ অক্টোবর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলবে, তাদের দলটি অনূর্ধ্ব-১৩ পর্যায় থেকে একসঙ্গে খেলছে। কিন্তু কেউ কি জানেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল কোথায়?