ওর্ডের ক্যাম্পে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

গাছগাছালির ছায়াঘন সাভার বিকেএসপির ভেতরের বিশাল এলাকাটা এমনিতেই নিরিবিলি থাকে। ছাত্রছাত্রীদের ঈদের ছুটি হয়ে যাওয়ায় আরও সুনসান লাগছিল গতকাল। যেটুকু কোলাহল, তা ওই ট্রেনিজ হোস্টেলকে ঘিরেই। ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত ফিলিস্তিনে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের প্রস্তুতি নিতে এখানেই তাঁবু ফেলেছেন বাংলাদেশের ৩৩ ফুটবলার।
সামির শাকির, জর্জ কোটানরা একসময় দল নিয়ে উঠতেন বিকেএসপির প্রশাসনিক ভবনের পেছনেই পুরোনো ট্রেনিজ হোস্টেলে। এখানে রুমগুলোয় আগের প্রজন্ম বা তারও আগের প্রজন্মের ফুটবলারদের অনেক স্মৃতি জড়িয়ে। জয়, আমিনুলরা অনেকবার এসেছেন। কয়েকটি কক্ষে ঢুঁ মেরে দেখা গেল, দেয়ালে অনেক সাবেক ফুটবলারদের নাম। ভালোবাসার চিহ্ন এঁকে ‘লাভ ইউ বিকেএসপি’সহ নানা কিছু লেখা।
এখান থেকেই নতুন পথের ঠিকানা খোঁজার অপেক্ষায় এখন পথ হারিয়ে ফেলা বাংলাদেশের ফুটবল। গত অক্টোবরে ভুটান-লজ্জার পর এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট দিয়েই আবার উঠে দাঁড়ানোর চেষ্টা চলছে। ডুবন্ত তরি ভাসিয়ে তুলতে মাঝির ভূমিকায় এবার অ্যান্ড্রু ওর্ড নামের একজন। বিকেএসপি এসে যিনি শুরু করেছেন ‘মিশন ফিলিস্তিন’।
অস্ট্রেলিয়া জাতীয় দলের স্কাউট ছিলেন ৩৭ বয়স বয়সী ওর্ড, দেশটির ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে পার্থ গ্লোরিসহ এশিয়ার কয়েকটি দেশের ক্লাবে সহকারী কোচ হিসেবে কাজ করলেও জাতীয় দল নিয়ে কাজ করছেন এই প্রথম। তা কেমন করছেন ওর্ড?
নতুনত্ব তেমন কিছু নেই। ফুটবলের ভাষা তো এক। সব কোচের অনুশীলন, ব্যবস্থাপনায় ভিন্নতা তেমন দেখা যায় না। তবে কাল বিকেএসপিতে ওর্ডের ক্যাম্পে ফুটবলারদের ছবি তুলতে ঢাকা থেকে আসা ফটোসাংবাদিকের শুরুতেই হলো বিপত্তি। তাঁর অনুমতি ছাড়া ছবি তুলতে দেবেন না ওর্ড! পরে অবশ্য আর ‘না’ করেননি।
মাঠে গিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা পনেরো মিনিট কথা বললেন ওর্ড। ততক্ষণ পর্যন্ত হাসিমুখই ছিল। কিন্তু ‘এবার বিদায় হও’ ভঙ্গিতে অনুশীলন আর দেখতে দেবেনই না। একটাই কথা তাঁর, ‘আজ অনুশীলন ক্লোজড ডোর। দেখা যাবে না। এসব লিখলে প্রতিপক্ষ আমার কৌশল জেনে যাবে।’ না লেখার প্রতিশ্রুতি দিলেও চিড়ে ভিজল না। নাছোড় ওর্ড ওখানে আর দাঁড়াতে না দেওয়ায় অগত্যা বেরিয়েই আসতে হলো।
কিন্তু বিকেএসপির মাঠের চারপাশটা তো খোলা। রাস্তায় দাঁড়িয়ে দিব্যি অনুশীলন দেখা যায়। কাজেই ‘রুদ্ধদ্বার’ ঠিক রুদ্ধদ্বার হয় না। তাই বলতে গেলে ওর্ডের নাকের ডগাতেই রাস্তায় দাঁড়িয়ে অনুশীলন দেখার সুযোগে হলো। ওর্ড আর খেয়ালই করলেন না!
অনুশীলনে চোখ রেখে দেখা গেল, বল নিয়ে টেকনিক্যাল কিছু কাজ করলেন তরুণ কোচ। বল পজেশন, ম্যান টু ম্যান দূরত্ব...এগুলো দেখালেন। এরপর ফিটনেস কোচ জন হুইটাল একপাশে খেলোয়াড়দের নিয়ে কয়েকবার ব্যাঙলাফ অনুশীলন করালেন। খানিক বাদেই শুরু ম্যাচ খেলা। দেড় ঘণ্টার সেশন বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলল।
দেখে মনে হচ্ছিল, ফুটবলারদের মনটা আনচান করছে বাড়ি যেতে। ইব্রাহিম, রাব্বি, সাদদের ছোট ছোট আড্ডায় বিষয় থাকল ওই একটাই, বাড়ি যাওয়া। ফুটবলটা ঠিক মনের গভীরে জায়গা নিতে পারছিল না অন্তত কালকের দিনটায়। সেই ক্ষণটা অবশ্য এসেই গেছে, আজ সকালে অনুশীলন শেষে ঈদের জন্য ছুটি। ৩০ জুন আবার শুরু।
নতুন কোচের ক্যাম্পটা কেমন লাগছে? ঢাকা মোহামেডানের স্ট্রাইকার তকলিচ আহমেদ বাড়ি যাওয়া নিয়ে চিন্তার মধ্যেই বলছিলেন, ‘ভালোই। আমরা হাসিখুশিই আছি। ফুটবলাররা খুব করেই চেষ্টা করছি ভালো একটা ফল এনে দিতে। এটা দেশের ফুটবলের জন্য এখন খুব জরুরি।’
ওর্ড নিজেও সেটা জানেন। তাই খেলোয়াড়দের আস্তে মিশে যাওয়ার চেষ্টা করছেন। তবে ফিলিস্তিনে জর্ডান, তাজিকিস্তান বা স্বাগতিক দলের সঙ্গে সম্ভাব্য ফল নিয়ে সংশয়ে আছেন, ‘এই দলগুলো অনেক শক্তিশালী। তাই সফরটা আমাদের জন্য বিরাট এক চ্যালেঞ্জই হবে।’ তবে প্রশংসা ঝরল খেলোয়াড়দের জন্য, ‘ওরা আন্তরিকভাবে নিজেদের কাজটা করছে। সবার মধ্যে শেখার আগ্রহ প্রবল। এটা আমার দারুণ লেগেছে।’
অনুশীলন দেখে সব কোচই প্রশংসায় ভেজান বাংলাদেশের ফুটবলারদের। কিন্তু মাঠে ভালো খেলাটাই আসল। নতুন কোচ সেই অপেক্ষাতেই আছেন। তাই ঈদ-আনন্দের মধ্যেও ফুটবলারদের বলে দিয়েছেন, ফিটনেস ধরে রেখে যেন সবাই ফিরে আসেন। আস্তে আস্তে সন্ধ্যা নামে বিকেএসপিতে। সন্ধ্যা আর রাত পেরিয়ে আরেকটি সকাল হবে। যেমন আঁধার পেরিয়ে আলোর অপেক্ষায় বাংলাদেশের ফুটবল!