ওল্ড ট্রাফোর্ডে বিপ্লব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎই একটা দমকা হাওয়া বয়ে গেল ওল্ড ট্রাফোর্ডের ওপর দিয়ে। রাদামেল ফ্যালকাও, অ্যাঙ্গেল ডি মারিয়াদের মতো তারকারা ম্যানচেস্টার ইউনাইটেডে! দুই মাস আগে বললেও অনেকেই হয়তো হেসে উড়িয়ে দিতেন। কিন্তু পাগুলে এক দলবদলের বাজারে যেন ছোটখাটো একটা বিপ্লবই হয়ে গেল ইউনাইটেডে।
বিপ্লবই বলতে হবে। স্যার অ্যালেক্স ফার্গুসন সাফল্যের যে রেসিপি বাতলে দিয়ে গিয়েছিলেন, লুই ফন গাল স্পষ্টতই সেটা বদলে ফেলতে চাইছেন। নিজের চার বছরে ফার্গি যেখানে ১৬ কোটি পাউন্ড খরচ করেছেন, ফন গাল এসে দুই মাসেই করেছেন প্রায় ১৫ কোটি পাউন্ড! সবকিছুই ইঙ্গিত দিচ্ছে, পালাবদলের হাওয়া লেগেছে ওল্ড ট্রাফোর্ডে। সাবেক লিভারপুল ডিফেন্ডার জ্যামি ক্যারাঘার তো বলেই দিয়েছেন, ইউনাইটেডই ইংলিশ লিগের ‘নতুন গ্যালাকটিকোস’।
অথচ ইংলিশ ফুটবলের সফলতম ক্লাবের দর্শনের সঙ্গে এই যথেচ্ছ ব্যয় মোটেই যায় না। ২০১২ সালে নাটকীয় শেষ দিনে সিটির কাছে শিরোপা হারানোর পর ফার্গুসনই গর্বভরে সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন যে দর্শনের কথা—গুচ্ছের টাকা দিয়ে খেলোয়াড় কেনার নীতিতে বিশ্বাসী নয় ইউনাইটেড। বরং এই ক্লাব গুরুত্ব দেয় তরুণদের গড়ে তোলাকে। এত দিন সেটিই হয়েছে। ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে স্বর্ণালি সময়ের কুশীলব গিগস, স্কোলস, বেকহাম, দুই নেভিল ভাই—ফিল ও গ্যারি, বাট সবাই ক্লাবের যুব একাডেমি থেকে এসেছেন। ‘ক্লাস অব ৯২’ নামে বিখ্যাত হয়ে যাওয়া এঁদের কাউকেই কিন্তু টাকা দিয়ে কিনতে হয়নি ক্লাবকে।
সেই যুগ শেষ হয়ে গেছে আগেই। গত মৌসুমে গিগসের বিদায়ে নিভে গেছে শেষ দেউটি। সেই সঙ্গে কি শেষ হয়ে গেল একটি ধারাও? আগে যেখানে যুব দলের খেলোয়াড়দের পরিচর্যা করা হতো, এবার তাঁদের অনেকেই ক্লাবে ব্রাত্য। ড্যানি ওয়েলবেক চলে গেছেন আর্সেনালে। পাওয়েল, লরেন্সদের মতো উঠতি সম্ভাবনাময় খেলোয়াড়েরাও ওল্ড ট্রাফোর্ড ছেড়ে গেছেন ধারে বা পাকাপাকিভাবে। ফার্গুসনের সাবেক সহকারী মাইক ফেলান সিঁদুরে মেঘ দেখছেন, ‘সবকিছুরই একটা শুরু থাকে। হয়তো নতুন একটা ধারার শুরু হয়ে গেছে। ওয়েলবেক ইউনাইটেডের অস্তিত্বের একটা অংশ ছিল, সেটা এখন বিলীন হয়ে গেছে।’
দলে কিছু পরিবর্তন অবশ্য প্রত্যাশিতই ছিল। নতুন মৌসুম শুরুর আগেই ক্লাব ছেড়েছিলেন রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ, প্যাট্রিস এভরাদের মতো অভিজ্ঞরা। শেষ মুহূর্তে ক্লাব ছেড়েছেন হার্নান্দেজ, কাগাওয়া, ওয়েলবেকরা। কিন্তু ফন গালের সামনে সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে রক্ষণ। প্রথম তিন ম্যাচের পর সেটি স্পষ্টই। একসময়ের দলের মূল শক্তির জায়গাটা ফার্ডিনান্ড, ভিদিচ, এভরাদের বিদায়ে একেবারেই নড়বড়ে। অথচ অবাক করা ব্যাপার হলো, কোনো সেন্ট্রাল ডিফেন্ডার না এনে ফন গাল কি না দলে আনলেন একজন করে সেন্ট্রাল মিডফিল্ডার, উইঙ্গার ও স্ট্রাইকার এবং তিন ডিফেন্ডারকে, বিশ্বকাপে যাঁদের তিনজনই খেলেছেন লেফটব্যাক হিসেবে। সর্বশেষ ফ্যালকাও যোগ হওয়ায় ইউনাইটেডের আক্রমণভাগে এখন তাই বড্ড ভিড়—রুনি, ফন পার্সি, ডি মারিয়া, মাতা, ফ্যালকাও। সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার তাই মজা করে টুইট করেছেন, ‘যদি ঠেকাতে না পারো, ওদের চেয়ে বেশি গোল করো।’
দেখা যাক, পরিবর্তিত দর্শনের ইউনাইটেড আসলেই তা পারে কি না! এএফপি, বিবিসি।