ওল্ড ট্রাফোর্ডে বোমা-নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগের ভাগ্য দুলছিল এ ম্যাচের ওপর। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচটি শুরু হতে তখনো বাকি ৩০ মিনিট। দু-একজন ইউনাইটেড খেলোয়াড় মাঠে নেমে গা গরম করেছেন। হঠাৎ ওল্ড ট্রাফোর্ডে ছড়িয়ে পড়ল আতঙ্ক। স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ড ও স্ট্রেটফোর্ড এন্ড থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে দর্শকদের সরিয়ে দেওয়া হলো।
দর্শকদের জানানো হলো, মাঠের উত্তর-পশ্চিম কোনায় বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। পাইপের সঙ্গে বেঁধে রাখা তারযুক্ত একটি মোবাইল ফোন দেখে একজন স্টুয়ার্ড সতর্ক করেন সবাইকে। খেলা পিছিয়ে দেওয়া হয় ৪৫ মিনিট, একটু পরে ম্যাচ স্থগিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হলো। ততক্ষণে পুরো স্টেডিয়াম ফাঁকা হয়ে গেছে। বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে শঙ্কামুক্ত করলেন সবাইকে।
তবে আসল মজা শুরু হলো এরপর। পুলিশ জানাল, বস্তুটি আসলে একটা নিরাপত্তা সংস্থার ভুলে ফেলে যাওয়া মহড়ার বস্তু! ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফুটবল মাঠে ইদানীং মহড়া দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে বিপদ সামলানো হবে, সেটারও একটা পরীক্ষা হয়ে যায়। গত সপ্তাহেই ওল্ড ট্রাফোর্ডে এ রকম মহড়া হয়েছিল। সেখানে ব্যবহার করা একটা নকল বোমাই ভুলে ফেলে আসা হয়েছিল গ্যালারিতে।
এ ঘটনায় বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র ও পুলিশ কমিশনার টনি লয়েড প্রচণ্ড ক্ষিপ্ত। ঘটনাটিকে নজিরবিহীন ও অপেশাদারি বলেই মনে করছেন তিনি, ‘এ ঘটনার পূর্ণ তদন্ত হওয়া উচিত—এটা কেন ঘটল, কীভাবে ঘটল এবং কারা এর জন্য দায়ী।’
ইংলিশ লিগে এ ঘটনা অবশ্য একেবারে নতুন নয়। ২০১৪ সালে লিগ-১-এ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠেও এ রকম বোমা পাওয়া গিয়েছিল। সেটিও ছিল মহড়ার নকল বোমা। প্রথমে দর্শক সরিয়ে নিলেও সেদিন ম্যাচটি ঠিকই মাঠে গড়িয়েছিল।
ইউনাইটেড-বোর্নমাউথ ম্যাচটি হবে আজ। বাংলাদেশ সময় রাত ১টার এই ম্যাচ অবশ্য ইউনাইটেড দর্শকদের জন্য এখন মূল্যহীন। পরশু সোয়ানসির সঙ্গে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগ প্রায় নিশ্চিত করে ফেলেছে। গাণিতিকভাবে আশা আছে ইউনাইটেডেরও, তবে সে ক্ষেত্রে বোর্নমাউথকে তাদের হারাতে হবে ১৯ গোলের ব্যবধানে। ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে সর্বোচ্চ ব্যবধানে জয় ১২-০, মাত্র দুবার ঘটেছে এ ঘটনা। সূত্র: এএফপি।