ওল্ড ট্রাফোর্ডে মার্শাল-আর্ট

‘অ্যান্থনিটা আবার কে?’—দলবদলের শেষ দিনে প্রায় ৪৯ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্থনি মার্শালকে কেনার পর ক্লাবের স্ট্রাইকার ওয়েইন রুনির প্রশ্নটা ছিল এমনই। সমর্থকেরাও হামলে পড়লেন ইউটিউবে, ইন্টারনেটে—কে এই ১৯ বছর বয়সী তরুণ? ঠিক জবাব নয়, পরশু ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে অভিষেক ম্যাচে দলের জয় নিশ্চিত করা তৃতীয় গোলটি করে হয়তো আগামীর একটি বার্তাই দিলেন ইউনাইটেডের নতুন ‘৯ নম্বর’।
‘থিয়েটার অব ড্রিমস’ মার্শাল-আর্টটা দেখল ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে। ক্রিস্টিয়ান বেনটেকের দুর্দান্ত বাইসাইকেল কিকে ব্যবধান (২-১) কমিয়ে আনা লিভারপুল তখন সম্ভাবনা জাগিয়েছে ঘুরে দাঁড়ানোর। এমন সময় লিভারপুল বক্সের বাইরে বাঁ পাশে বল পেলেন ৬৫ মিনিটে বদলি নামা মার্শাল। প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বলটাকে জড়িয়ে দিলেন দূরের পোস্টে। কিছুই করার ছিল না গোলরক্ষক সিমন মিনোলেতের। গতি, শক্তি, কৌশল, ফিনিশিং—সব মিলিয়ে ভবিষ্যতের ‘থিয়েরি অঁরি’র দেখাই হয়তো পেল ইংলিশ প্রিমিয়ার লিগ।
মাত্র এক ম্যাচ আর একটি গোলে দূর ভবিষ্যতের ছবি আঁকা যায় না। ইউনাইটেড কোচ লুই ফন গাল সে পথে হাঁটেনওনি, ‘অসাধারণ গোল ছিল ওটা, অস্বীকার করছি না। তবে ওর বয়স সবে ১৯। নতুন সংস্কৃতি ও প্রিমিয়ার লিগের সঙ্গে মানিয়ে নিতে হবে ওকে।’
ইউনাইটেড কোচ হওয়ার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রতিটি ম্যাচেই হারিয়েছেন ফন গাল। দলের জয়ে তৃপ্ত ডাচ কোচ ম্যাচ শেষে সেটিও মনে করিয়ে দিলেন আরেকবার, ‘আমার কাছে লিভারপুল একটা অসাধারণ দল। কারণ ওদের সঙ্গে প্রতিটি ম্যাচই জিতেছি আমি।’ আর হতাশ লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স বরাবরের মতো শুধু ভালো করার প্রতিশ্রুতিই দিয়ে গেলেন আরেকবার।
পরশু রাতটি আনন্দে কেটেছে ইউনাইটেডের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিরও। ১৮ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার কেলেচি ইহিয়ানাচোর ৯০ মিনিটের গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে তারা। প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচের সবগুলো জিতে সিটিই রয়েছে শীর্ষে। রয়টার্স, ইএসপিএন।