ওল্ড ট্রাফোর্ড মাতল 'মার্শাল আর্টে'

ওয়েইন রুনি নিশ্চয় তাঁর উত্তর পেয়ে গেছেন। কদিন আগেই ৫ কোটি ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড মোনাকো থেকে উড়িয়ে এনেছে অ্যান্থনি মার্শালকে। তখন রুনি জিজ্ঞেস করেছিলেন, ‘এই মার্শাল আবার কে?’ গতকাল লিভারপুলের সঙ্গের খেলায় কেবল রুনিই নয় মার্শালের পরিচয় পেয়েছেন প্রায় সবাই। ওল্ড ট্রাফোর্ড অভিষেকেই গোল করে মার্শাল জানিয়ে দিয়েছেন নিজের আগমনী বার্তা।
বয়স এখনো উনিশের কোটায়। পেশাদার ফুটবলে এসেছেন বেশি দিন হয়নি। কিন্তু এই মার্শালকেই যখন ৫ কোটি ইউরো দিয়ে ইউনাইটেড কিনে নিল, তখন ভ্রু কুঞ্চিত হয়েছিল অনেকেরই। প্রায় অচেনা এক তরুণের পেছনে এত অর্থব্যয়! কথা এখানেই শেষ নয়। কিছু শর্ত পূরণ হলেই এই ৫ কোটি নাকি বেড়ে দাঁড়াবে ৮ কোটিতে।
ফ্রান্সে নাকি ইতিমধ্যেই ‘থিয়েরি অঁরি’ হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। মোনাকো থেকে ইউনাইটেডে এসে সবাইকে একটু শঙ্কার মধ্যেই রেখেছিলেন তিনি! নতুন ‘থিয়েরি অঁরি’র ওল্ড ট্র্যাফোর্ড জীবন না জানি কেমন হয়! কিন্তু কাল সব শঙ্কা উড়িয়েই দিলেন তিনি।
ইউনাইটেডের হয়ে গতকালই মাঠে নেমেছিলেন তিনি। অভিষেকে অবশ্য প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। হুয়ান মাতার বদলি হিসেবে মাঠে নামেন খেলা শেষ হওয়ার ২৫ মিনিট আগে। মাঠে নামতে না নামতেই দল এগিয়ে গেল ২-০ গোলে। এগিয়ে যাওয়া ইউনাইটেডের আক্রমণের ধারা কমে যাওয়াতেই একটু নিষ্প্রভ মনে হচ্ছিল তাঁকে। তাঁর ‘ঝলক’গুলো মন ভরাতে পারছিল না ‘রেড ডেভিল’ দর্শকদের। এরই মাঝে খেলার ৮৪ মিনিটে এক অসাধারণ বাইসাইকেল কিকে লিভারপুলকে খেলায় ফেরান ক্রিশ্চিয়ান বেনটেকে। ওল্ড ট্রাফোর্ডের আকাশে তখন একটু শঙ্কার মেঘই উড়ছিল। ঠিক তখনই মার্শাল-জাদু। ডি-বক্সের ভেতর লিভারপুলের স্কারটেলকে বোকা বানিয়ে ঠান্ডা মাথায় যে গোলটি তিনি করলেন, তাতেই পাওয়া গেল পরিপূর্ণ এক স্ট্রাইকারের ছাপ। হ্যাঁ, অঁরিই যেন ফিরে এসেছিলেন ইংল্যান্ডে, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। ৫ কোটি ইউরো নিয়ে খচখচানিটা বোধ হয় এবার একটু কমবে ইউনাইটেড দর্শকদের। প্রথম দিনই যেন ‘মার্শাল আর্টে’ মুগ্ধ গোটা ওল্ড ট্র্যাফোর্ড।
চোটের জন্য কালকে মাঠে নামতে পারেননি রুনি। কিন্তু মাঠে নিজের নতুন সঙ্গীর এমন ঝলমলে অভিষেকে খুশিই হবেন তিনি। আক্রমণ ভাগের ভার একা বহন করার দায় থেকে যে বেঁচে যাচ্ছেন এই ইংলিশ স্ট্রাইকার। সূত্র: রয়টার্স।