ওল্ড ট্রাফোর্ডে রোমেরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল সার্জিও রোমেরোর। কিন্তু ২৮ বছর বয়সী এই গোলরক্ষকই কিনা ইতালির সাম্পদোরিয়ার সঙ্গে চুক্তি শেষের পর ক্লাব পাচ্ছিলেন না! শেষ পর্যন্ত এমন একটা ক্লাব পেলেন, যেখানে যাওয়াটা অনেকের কাছেই স্বপ্ন। ম্যানচেস্টার ইউনাইটেড কাল জানিয়েছে, রোমেরোর সঙ্গে তিন বছরের জন্য তারা চুক্তি করেছে।
ইউনাইটেড কোচ ফন গালের সঙ্গে রোমেরোর সম্পর্কটা পুরোনো। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চার মৌসুমে ডাচ ক্লাব এজেড আলকমারে খেলেছেন রোমেরো, শেষের দুই মৌসুম ফন গালের অধীনে। ফন গাল তাই এই আর্জেন্টাইনকে পেয়ে উচ্ছ্বসিত, ‘সার্জিও খুবই প্রতিভাবান গোলকিপার। আলকমারে ওকে আমি পেয়েছি, আমি খুশি যে সে ইউনাইটেডে যোগ দিচ্ছে।’ প্রত্যাশিত প্রশ্নটাও উঠে গেছে, ডেভিড ডি গিয়ার সম্ভাব্য শূন্যতা ঢাকতেই কি ইউনাইটেড নিল রোমেরোকে? গত মৌসুমে ইউনাইটেডের সেরা খেলোয়াড় ডি গিয়ার রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনটা যে চলছে অনেক দিন ধরেই। এএফপি।