ওল্ড ট্রাফোর্ডে রোমেরোর ঝলমলে অভিষেক

সার্জিও রোমেরোর গল্পটা বেশ অদ্ভুত। আর্জেন্টিনা মূল দলের হয়ে ছয় বছর ধরে খেলছেন। এই সময়ের মাঝে বিশ্বকাপের ফাইনালও খেলেছেন একটি। ব্রাজিল বিশ্বকাপের সেরা তিন গোলরক্ষকের তালিকায়ও ছিলেন তিনি। অথচ সেই রোমেরোই কিনা গত দুই বছর ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন ক্লাব ফুটবলে! মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখালেও তাঁর ভাগ্য পরিবর্তনের পক্ষে বাজি ধরছিলেন না কেউই। সেই রোমেরোই ইউনাইটেডের হয়ে গতকাল গোলবার সামলালেন।
গুঞ্জনটি ছড়িয়েছিল গত পরশু। মৌসুমের প্রথম খেলায় ইউনাইটেডের প্রথম একাদশে থাকছে রোমেরোর নাম। গত মৌসুমে দলের সেরা খেলোয়াড় ছিলেন ডেভিড ডি গিয়া। অথচ এই গোলরক্ষক কিনা এখন রিয়াল মাদ্রিদে চলে যেতে চাচ্ছেন! ডি গিয়া ইস্যুতে কথা বলতে বলতে ত্যক্ত-বিরক্ত কোচ ফন গাল। তাই প্রথম ম্যাচে বসিয়ে রাখলেন এই স্প্যানিশকে। আর সেই সঙ্গে কপাল খুলল আর্জেন্টাইন রোমেরোর।
ওল্ড ট্রাফোর্ডের ম্যাচে খেলতে নেমে প্রিমিয়ার লিগে অভিষেকও হয়ে গেল রোমেরোর। নিজেদের মাঠে টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। ২২ মিনিটের মাথায় কাইল ওয়াকারের আত্মঘাতী গোলে লিড পায় ইউনাইটেড। ম্যাচের বাকি সময় জুড়েই টটেনহাম হন্যে হয়ে গোলের জন্য ছুটেছে। কিন্তু রোমেরো-বাধায় আর গোলের দেখা পায়নি। মোট চারবার ইউনাইটেডকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছেন রোমেরো। খেলার শুরুতে একটু আড়ষ্ট মনে হলেও খেলা যত গড়িয়েছে ততই নিজের জাত চিনিয়েছেন এই আর্জেন্টাইন। মুহুর্মুহু আক্রমণের মুখেও বিচলিত হননি তিনি। শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধান নিয়েই জয়ীর বেশেই মাঠ ছাড়ে ইউনাইটেড। অথচ গত দুই বছর রোমেরো ক্লাব ফুটবলে অনেক বাজে সময় পার করে এসেছেন। নিজের ক্লাব সাম্পোদোরিয়ায় ছিলেন দ্বিতীয় পছন্দের গোলরক্ষক। মোনাকোতে ধারে খেলতে গিয়েও তথৈবচ অবস্থা। মাত্র তিনটি খেলায় মাঠে নামতে পেরেছিলেন। ২০১৪ সালের ডিসেম্বরের পর ক্লাব ফুটবলে খেলাই হয়নি তাঁর। তিনিই কিনা প্রিমিয়ার লিগের অভিষেকে ম্যাচেই নায়ক বনে গেলেন।
হতাশা মাখা এক মৌসুমের পর অ্যাঙ্গেল ডি মারিয়া মাত্রই ইউনাইটেড ছেড়ে গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে যাওয়া অন্য আর্জেন্টাইনদের রেকর্ড খুব আশাপ্রদ নয়। রোমেরো কি সেই ধারার বিপরীতে যেতে পারবেন? গতকালের ঝলমলে অভিষেক কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।