ওল্ড ট্রাফোর্ডে লাল যুদ্ধ

আপনি লিভারপুল-ভক্ত? কুসংস্কারে বিশ্বাস করেন? তাহলে একটা ‘দুঃসংবাদ’ আছে—ওল্ড ট্রাফোর্ডে আজ সবুজ ‘অ্যাওয়ে’ জার্সিটা পরে খেলতে পারে লিভারপুল।
কুসংস্কার মানলে, লিভারপুলের আজ হারের শঙ্কাই বেশি! ‘টক্সিক থান্ডার’ নামের এই জার্সিটা যে লিভারপুলের জন্যই ‘বিষময়’ হয়ে উঠছে। মৌসুমে সব মিলিয়ে তিন ম্যাচে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল, লিগে দুটি, লিগ কাপে একটি। তিনটিই প্রতিপক্ষের মাঠে আর তিনটি ম্যাচেই গায়ে ছিল এই সবুজ জার্সি।
তবে বার্নলি, বোর্নমাউথ আর সাউদাম্পটনের মাঠের সেই তিন ম্যাচের সঙ্গে আজকেরটিকে মেলানো অন্যায়। এ যে ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল! ইংলিশ ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। এ ম্যাচ দিয়েই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ দেখবে স্পাইডারক্যাম। এর সঙ্গে অন্য ম্যাচের তুলনা চলে?
৩ পয়েন্টের বাইরে আজ আরও একটি বিষয় পাওয়ার-হারানোর আছে দুই দলের—মোমেন্টাম! বাংলায় ‘সুন্দর সময়ের অনুভূতি’ বলে শব্দটাকে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করা যেতে পারে। ইউনাইটেডের তা পাওয়ার আছে, লিভারপুলের হারানোর। আবার উল্টোটাও হতে পারে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচে জয়ী হোসে মরিনহোর ইউনাইটেড। তবে এখনো ৩৯ পয়েন্ট নিয়ে তারা তালিকার ছয়ে, দুইয়ে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্ট। তবে আজ জিতলে ইউনাইটেডের সেরা চারে থাকার, এমনকি শিরোপাদৌড়ে উঠে আসার সম্ভাবনাও বেড়ে যাবে অনেকটা। অন্যদিকে ইয়ুর্গেন ক্লপের দল ২০১৭-তে এসে তিনটি ভিন্ন প্রতিযোগিতায় তিন ম্যাচ খেলে এখনো জয়হীন। আজ হারলে মৌসুমে শুরুর দুর্দান্ত ছন্দটা খাবে বড় ধাক্কা।
ফর্মে থাকা ইউনাইটেডকে নিয়ে অবশ্য ভীত নন লিভারপুল কোচ ক্লপ, ‘ভয় পাওয়ার কিছু নেই। কেন ভয় পাব? ম্যাচে পার্থক্য গড়তে যা করার দরকার, সবই করব আমরা।’ ম্যাচের আগে ‘ডাক্তারের চেম্বার’ থেকে সুখবরই পেয়েছেন ক্লপ, গত ম্যাচে চোট কাটিয়ে ফিরেছেন দলের ‘ক্রিয়েটর ইন চিফ’ ফিলিপ কুতিনহো। অনুশীলনে ফিরেছেন অধিনায়ক জর্ডান হেন্ডারসনও। জার্মান কোচের মনের জোর তাই বেড়েছে, ‘যদি সত্যিকারের লড়াই দেখতে চান, তাহলে বলব ম্যাচটা দেখুন। আমরা ১০০ ভাগই ঢেলে দেব।’
জিততে মরিয়া ইউনাইটেড মিডফিল্ডার পল পগবাও। বিবিসিকে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়টি বলেছেন, ‘লিভারপুল-ইউনাইটেড এর ইতিহাসের কারণেই বড় ডার্বি। ম্যান সিটি ম্যাচের চেয়েও বড়। আমি ৩ পয়েন্টই চাই। অন্য যেকোনো দলের সঙ্গেও তা চাই, তবে লিভারপুলের বিপক্ষে ৩ পয়েন্ট পাওয়ার অনুভূতি অন্য রকম!’
অনন্য এক অর্জনের সামনে দাঁড়িয়ে পগবার সতীর্থ ওয়েইন রুনিও। ম্যাচটি প্রিমিয়ার লিগে তাঁর ৪৫০তম, তাতে এক গোল হলেই স্যার ববি চার্লটনকে টপকে ইউনাইটেডে সর্বোচ্চ ২৫০ গোল হয়ে যাবে ৩১ বছর বয়সী স্ট্রাইকারের।
নিজেই রেকর্ড গড়া গোলে ইউনাইটেডের জয়—কাল রাতে হয়তো এমন স্বপ্ন নিয়েই ঘুমাতে গেছেন রুনি। তবে লিভারপুলও যে তাতে জল ঢালার প্রস্তুতি নিয়ে রেখেছে, এটি নিশ্চিত। ইএসপিএন, এএফপি।
* প্রিমিয়ার লিগে দুই দলের এটি ৫০তম ম্যাচ। আগের ৪৯ ম্যাচে ইউনাইটেড জিতেছে ২৭ বার, লিভারপুল ১৩।
* ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগ যুগে এর আগে ১৪টি ম্যাচ খেলে লিভারপুল হেরেছে ১১টিতেই, জিতেছে বাকি তিনটিতে।
* সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীই নয়, লিগে লিভারপুলের ঘাতকও ইউনাইটেড। প্রিমিয়ার লিগ যুগে (২৭টি), বা আগের সময় মিলিয়ে (৬৭)—লিগে সবচেয়ে বেশি ম্যাচ অলরেডরা হেরেছে ইউনাইটেডের কাছে।
* দুই দলের প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটা বোঝায় লাল কার্ডের পরিসংখ্যানও, প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ লাল কার্ড দেখা (১৬) দ্বৈরথ এটি। সবচেয়ে বেশি দেখেছে লিভারপুল-এভারটন ম্যাচ (২১টি)।