ওল্ড ট্রাফোর্ডে 'ইংল্যান্ডের রুনি'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে গোল নেই, সর্বশেষ গোল গত এপ্রিলে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ওয়েইন রুনির গোল তিনটি এসেছে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে ক্লাব ব্রুগের বিপক্ষে হ্যাটট্রিকে। তবে আজ ওল্ড ট্রাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে ইউনাইটেড স্ট্রাইকার মাঠে নামবেন নতুন পরিচয়ে। ববি চার্লটনকে ছাপিয়ে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ গোলের নতুন মালিক!
সর্বোচ্চ গোলদাতা হওয়ার গর্বটা এখন রুনির কাছে প্রেরণা, ‘যদি বলি যে এমন অর্জন আমাকে প্রতি নতুন পদক্ষেপে অনুপ্রেরণা জোগাচ্ছে না বা আরও গোল করে যেতে উৎসাহিত করছে না তাহলে মিথ্যা বলা হবে।’ আজকের ম্যাচে ইউনাইটেডের জার্সিতে রুনি টেনে আনতে চান ইংল্যান্ডের ফর্মটাই, ‘শেষ দুই ম্যাচে দুই গোল করেছি, আশা করি গোলের ধারাটা চলতে থাকবে।’
ডেভিড ডি গেয়ারও আছে একটা অনুপ্রেরণা। ইউনাইটেডেই থেকে যেতে বাধ্য হওয়া এই স্প্যানিশ গোলরক্ষক গতকালই চার বছর মেয়াদে নতুন চুক্তি সই করেছেন। কোচ লুই ফন গাল গোল পোস্টের নিচে রাখতে পারেন গত দুই মৌসুমের ক্লাব সেরা খেলোয়াড়টিকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফন গালকে অনুপ্রাণিত করছে পরিসংখ্যানও, ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে গত ছয় ম্যাচের পাঁচটিই জিতেছে ইউনাইটেড।
গুরুত্বপূর্ণ ম্যাচই তো! সোনালি অতীতের মতো দুই দলের এই ম্যাচটি হয়তো লিগ শিরোপা নির্ধারণ করে দেয় না, তবে বর্তমান বাস্তবতায় সেরা চারের দৌড়ে কে এগিয়ে থাকবে, সেটির একটা ধারণা ঠিকই দেয়। ফার্গুসন-পরবর্তী ইউনাইটেড দলবদলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেও ঠিক ‘ইউনাইটেড’ হতে পারছে না। আর দুই মৌসুম আগে শিরোপার খুব কাছে গিয়ে ফেরা লিভারপুলও সুয়ারেজকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারল কই? এই মৌসুমে তো নেই ক্লাবের কিংবদন্তি অধিনায়ক স্টিভেন জেরার্ডও।
মহারণের আগে মিলে যাচ্ছে দুই দলের হিসাব—প্রথম চার ম্যাচে দুই দলের ৭ পয়েন্ট। সর্বশেষ ম্যাচে হেরেছে দুই দলই। জয়ের ধারায় ফিরতে এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে?
তবে ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় ব্রেন্ডন রজার্স। গত ম্যাচে লাল কার্ড দেখা ফিলিপে কুটিনহোকে পাচ্ছেন না লিভারপুল কোচ, চোট কেড়ে নিয়েছে অধিনায়ক জর্ডান হেন্ডারসন আর মিডফিল্ডার অ্যাডাম লালানাকে। কৌশল নিয়েও ভাবতে হচ্ছে তাঁকে, আগের মতোই ৪-৩-৩ ছক? নাকি ৪-৪-২-এ বেনটেকের পাশে ড্যানি ইংসকে খেলাবেন?
২০০০ সালের পর ওল্ড ট্রাফোর্ডে কোনো ম্যাচই গোলহীন না থাকাটা যদি আপনাকে দুই দলের প্রতিদ্বন্দ্বিতার কিছুটা আঁচ দেয়, তাহলে এই তথ্য থেকে জেনে নিতে পারেন কতটা আগুন ছড়ায় এই ম্যাচ—প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লাল কার্ড (১৬) দেখেছে এই দুটি দলের লড়াই। এএফপি, দ্য গার্ডিয়ান।