ওল্ড ট্রাফোর্ডের আকাশে রোনালদোর বিরুদ্ধে ব্যানার

ওল্ড ট্রাফোর্ডের আকাশ উড়েছে রোনালদোর ধর্ষণের অভিযোগের বিষয় নিয়ে লেখা ব্যানারছবি: লেভেল আপ সংগঠনের টুইটার

লেভেল আপ—ইংল্যান্ডের নারীবাদী এ সংগঠনটি আগেই একটা আভাস দিয়ে রেখেছিল যে ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর পুনরাভিষেকের দিনে তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের বিষয়টি সামনে নিয়ে আসবে। যেটা তারা বলেছিল, সেটা করেও দেখিয়েছে। ইউনাইটেডের হয়ে রোনালদোর আবার অভিষেকের দিন তারা ওল্ড ট্রাফোর্ডের আকাশে একটা ব্যানার উড়িয়েছে। যেটিতে লেখা ছিল—ক্যাথরিন মায়োরগাকে বিশ্বাস করুন।

২০১৮ সালে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন যুক্তরাষ্ট্রের নারী ক্যাথরিন মায়োরগা। সে অভিযোগ প্রমাণ করা যায়নি বলে তদন্তটাই থেমে গেছে। কিন্তু এ ব্যাপারে রোনালদোকে এখনো ‘দোষী’ মনে করেন অনেকেই। এর মধ্যে আছে লেভেল আপ নামের সংগঠনটিও।

উড়োজাহাজের সাহায্যে ওড়ানো হয়েছে রোনালদোর বিরুদ্ধে ব্যানার
ছবি: লেভেল আপ সংগঠনের টুইটার

রোনালদোর ফেরা উপলক্ষে কাল ম্যানচেস্টারে ছিল সাজ সাজ রব। হাতেগোনা কয়েকজন সমর্থক ছাড়া কাল ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে আসা ৭৬ হাজার দর্শকের সবাই এসেছিলেন রোনালদোর সাত নম্বর জার্সি পরে। পুরো ম্যাচ জুড়েই রোনালদোর নামে গান পেয়েছে তারা। রোনালদোও এর প্রতিদান দিয়েছেন জোড়া গোল করে। স্মরণীয় করে রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের নতুন পথচলার শুরুটাকে।

রোনালদো নিজেই বলেছেন, এমন অভিষেক তিনি কল্পনা করতে পারেননি। এমন আনন্দের এক দিনেই কি না লেভেল আপ কালির দাগ লাগিয়ে দিল রোনালদোর শরীরে! ইংলিশ দৈনিক ডেইলি মেইল অবশ্য এমন কিছুর আভাস আগেই দিয়েছিল। তারা লিখেছিল, কিছু নারীবাদী সংগঠন রোনালদোর অভিষেকের দিনে তাঁর বিরুদ্ধে অবস্থান নেবে। ২০০৯ সালের জুনে লাস ভেগাসে রোনালদো তাঁকে ধর্ষণ করেছিলেন বলে যে অভিযোগ করেছিলেন মায়োরগা, সে ইস্যুতেই সরব হয়েছে এই সংগঠনগুলো। রোনালদো এ ব্যাপারে সব সময়ই নিজেকে ‘নিরপরাধ’ বলে দাবি করেছেন।

রোনালদো ফিরলেন রোনালদোর মতোই
ছবি: রয়টার্স

মায়োরগা দাবি করেছেন, এ ঘটনা প্রকাশ না করার শর্তে তাঁকে ২ লাখ ৭০ হাজার পাউন্ডও দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘটনা চেপে রাখতে রাখতে গিয়ে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ হয়ে পড়েছিলেন। ব্যাপারটি আর মেনে নিতে পারছিলেন না বলে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন মায়োরগা।

নতুন করে তদন্ত শুরু হলেও সেটা ২০১৯ সালে আবার থেমে যায়। ‘সন্দেহাতীতভাবে দোষী এটা প্রমাণ করা যাচ্ছে না’ বলে মামলা আর চালিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। কিন্তু মায়োরগা হাল ছাড়েননি। নতুন করে ৫ কোটি ৬০ লাখ পাউন্ডের ক্ষতিপূরণ মামলা করেছেন রোনালদোর বিপক্ষে। সে মামলা এখনো চলছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আবার ফেরার ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো
ছবি: রয়টার্স

মায়োরগার দাবি, ঘটনা প্রকাশ না করার চুক্তিতে যখন সই করেছিলেন, তখন ‘মানসিকভাবে সুস্থ’ ছিলেন না। ওদিকে রোনালদোর আইনজীবীরা স্বীকার করেছেন, এমন একটা চুক্তি হয়েছে, তবে সেটা কোনোভাবেই ‘অপরাধ স্বীকার করে নেওয়ার প্রমাণ’ নয়। ফলে নারীবাদী সংগঠনগুলো এ ব্যাপারে রোনালদোর নিরপরাধ দাবি ঠিক গ্রহণ করতে রাজি নয়। তাই ম্যাচের আগে অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কায় ম্যানচেস্টারের বিভিন্ন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।