ওয়াইনের মতো ইব্রাহিমোভিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো অপ্রতিরোধ্য ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স
এখনো অপ্রতিরোধ্য ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স

ফুটবল বিশ্বে জ্লাতান ইব্রাহিমোভিচের কদর অন্যরকম। মুখ খুললেই কোনো না কোনো বোমা ফাটানোই যার স্বভাব, তাঁকে কদর করতেই হয়। চৌত্রিশ বছরেও এখনো মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। একের পর এক রেকর্ডও ভাঙছেন ক্লাবের হয়ে। বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েই চলেছেন ইব্রাহিমোভিচ। এ বয়সেও এমন সাফল্যের ব্যাখ্যা দিতে গিয়ে আবারও সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করলেন এই সুইডিশ। নিজেকে 'ওয়াইনের' সঙ্গে তুলনা করে ইব্রাহিমোভিচের দাবি বয়স যত বাড়ছে ততই নাকি আরও ভালো হয়ে উঠছেন তিনি!
পেশাদার ফুটবলে ১৬ বছর পার করে ফেলেছেন ইব্রাহিমোভিচ। বয়স বাড়তে বাড়তে এখন মধ্য ত্রিশের কোটায়। অধিকাংশ পেশাদার ফুটবলার বিশেষ করে আক্রমণ ভাগের খেলোয়াড়েরা এই বয়সে এসে অবসরের চিন্তা ভাবনা শুরু করেন অথবা শীর্ষ লিগ গুলো থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য ব্যাগ গোছানো শুরু করেন। কিন্তু সুইডিশ এই স্ট্রাইকার জীবনের সেরা সময়টি পার করছেন এখন। প্যারিস সেন্ট জার্মেইয়ে মাত্র তিন মৌসুম খেলেই ক্লাবের সর্বোচ্চ গোলদাতার মুকুট মাথায় চাপিয়ে ফেলেছেন। এই বয়সেও এমন পারফরম্যান্সের রহস্য কি? এ প্রশ্নের উত্তরে তাঁর তড়িৎ জবাব, ‘আমার বয়স বাড়ছে ঠিকই, কিন্তু দিন দিন আমার উন্নতি হচ্ছে। আমি জানি কি করতে হবে আমাকে, এবং সেটি কীভাবে আরও ভালো ভাবে করা যায় তা আমার জানা আছে। আমি অনেকটা ওয়াইনের মতো। বয়স যত বাড়ছে, আমি ততই ভালো হচ্ছি। আমি দিন দিন আরও শক্তিশালী হচ্ছি। আমার ক্ষুধা এখনো মেটেনি। এই ক্ষুধাই আমাকে লক্ষ্যে পূরণে সাহায্য করবে।’
ক্লাব ফুটবলে অনেকটা জিপসিদের মতো করেই সময় পাড় করেন এই সুইডিশ। ক্যারিয়ারে ইতিমধ্যে সাতটি ক্লাবে খেলে ফেলেছেন, কিছুদিন পরপরই নতুন নতুন ক্লাব থেকে ডাক আসছে। তবে আপাতত পিএসজিতেই থিতু গাড়ার ইচ্ছে দেখা যাচ্ছে ইব্রার মাঝে। ফরাসি এই ক্লাব ইউরোপে সাফল্য পাওয়ার আশায় একের পর তারকা দলে টানছে। চ্যাম্পিয়নস লিগে দলটির সাফল্যের মূল অস্ত্র কিন্তু শেষ পর্যন্ত ওই ইব্রাহিমোভিচই। পিএসজির ওয়েবসাইট অবলম্বনে