ওয়ার্নারের জামিন, ওয়েবকে বহিষ্কার
যে নয়জন ফিফা কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে জ্যাক ওয়ার্নার ও জেফরি ওয়েব সবচেয়ে প্রভাবশালীদের মধ্যেই পড়েন। এখনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে দুজনকে আগেই খেসারত দিতে হচ্ছে। কেম্যান আইল্যান্ডের ওয়েব ফিফার সহসভাপতি, উত্তর ও মধ্য আমেরিকার কনফেডারেশন কনক্যাকাফের সভাপতি। পরশু কনক্যাকাফ এক বিবৃতিতে ওয়েবকে সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করার কথা জানিয়েছে। পরশু ফিফার সাবেক সহসভাপতি ওয়ার্নার ত্রিনিদাদের আদালতে আত্মসমর্পণ করেছিলেন পরশু, কাল জামিনে মুক্তি পেয়েছেন জেল থেকে।
ওয়ার্নারের বিরুদ্ধে অভিযোগ, এক কোটি ডলার উৎকোচ নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০১০ বিশ্বকাপ পাইয়ে দিতে সহায়তা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে সুইস পুলিশ জুরিখের হোটেলে অভিযান চালানোর পর ওয়ার্নার আত্মসমর্পণ করেন তাঁর দেশ ত্রিনিদাদের আদালতে। তবে এক রাত জেলে কাটানোর পর ৩ লাখ ৯৫ ডলার জামানতে ছাড়া পেয়েছেন। জেল থেকে বেরিয়েই ত্রিনিদাদের সংসদ সদস্য ও কনক্যাফের সাবেক সভাপতি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অমূলক দাবি করেছেন, ‘আমি যদি ৩০ বছর ধরে ফিফার টাকা আত্মসাৎ করে থাকি, তাহলে টাকাটা আমাকে কে দিল? কেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠছে না? শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোর বিরুদ্ধেই কেন অভিযোগ আনা হচ্ছে?’
ওয়ার্নার আত্মপক্ষ সমর্থন করলেও তাঁর উত্তরসূরি ওয়েব এখনো কিছু বলেননি। আপাতত তিন কনক্যাকাফের সভাপতির পদ হারিয়েছেন। সিনিয়র সহসভাপতি আলফ্রেডো হাউইট তাঁর জায়গা নিয়েছেন। সন্দেহের তির উঠেছে কনক্যাকাফ অঞ্চলের মহাসচিব এনরিকে সানজের দিকেও। সানজকে বহিষ্কার না করে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কনক্যাকাফ অঞ্চলের বাছাইপর্ব, গোল্ডকাপ থেকে শুরু করে সামনের বছরের কোপা আমেরিকার শত বছর পূর্তির আসর নিয়েও অর্থের লেনদেন হয়েছে। রয়টার্স, ইএসপিএন।