ওয়ার্নারের বিরুদ্ধে নতুন অভিযোগ
ফিফার সাবেক সহসভাপতি জ্যাক ওয়ার্নারের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ আসছেই। দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ওয়ার্নারের ১ কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল আগেই। এবার নতুন অভিযোগ উঠল, মরক্কোর কাছ থেকেও ঘুষ নিয়েছেন কনক্যাকাফের সাবেক সভাপতি। পরশু মিসরের ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি দাবি করেছেন, ২০১০ বিশ্বকাপের প্রার্থিতার সময় তাদের কাছ থেকে ঘুষ চেয়েছিলেন ওয়ার্নার।
২০১০ বিশ্বকাপে কনক্যাকাফ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ক্যারিবিয়ান অঞ্চলে আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের একটা প্রকল্পের জন্য টাকা দেওয়ার কথা স্বীকার করেছে দক্ষিণ আফ্রিকা ফুটবল ফেডারেশন। সেই অর্থ কীভাবে ওয়ার্নার ও তাঁর সাঙ্গপাঙ্গরা মেরে দিয়েছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। দুই দিন আগে ফিফার নির্বাহী কমিটির এক সাবেক সদস্য দাবি করেছেন, মরক্কোই ওই বিশ্বকাপে ভোটাভুটিতে জিতেছিল।
মিসর ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান আল দাশৌরি হারব পরশু রয়টার্সকে বলেছেন, ওয়ার্নার সে সময় ৭০ লাখ ডলার ঘুষ চেয়েছিলেন তাঁর কাছে। দাশৌরির দাবি, ওয়ার্নার তাঁকে বলেছিলেন, ‘লাতিন আমেরিকায় আমার অনেক ভোট আছে। ইউরোপেও আমি আপনাদের পরামর্শক হতে পারি। এখানেও আমার অনেক বন্ধু আছে।’ তবে ওয়ার্নার অর্থটা নিজের জন্য নয়, বরং লাতিন আমেরিকার দরিদ্র ক্লাবের ‘উন্নয়নের’ জন্য চেয়েছিলেন। মিসর প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিল। বলে রাখা ভালো, সেবার তারা একটা ভোটও পায়নি।
ফিফার এই কেলেঙ্কারি ফুটবলের গণ্ডি পেরিয়ে এর মধ্যেই ছড়িয়ে গেছে বৈশ্বিক রাজনীতিতে। জি-৭ সম্মেলনে ফিফা পুনর্গঠনের আহ্বান জানিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কাল যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামাও বলেছেন, ‘আমাদের মাথায় রাখতে হবে ফুটবল খেলা হলেও এটা বিশাল একটা ব্যবসা। জাতীয় গৌরবের অমিত উৎস। মানুষজন তাই নিশ্চিত হতে চায়, এখানে সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে।’ এএফপি, রয়টার্স, ইএসপিএন।