ওয়ালসনের রংধনু রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার্সের জার্সিতে অগাস্টিন ওয়ালসনের জোড়া গোলের উল্লাস l প্রথম আলো
ব্রাদার্সের জার্সিতে অগাস্টিন ওয়ালসনের জোড়া গোলের উল্লাস l প্রথম আলো

ম্যাচ জয়ের আনন্দের মধ্যে একটু আক্ষেপও ছিল অগাস্টিন ওয়ালসনের। পেতে পেতেও যে শেষ পর্যন্ত লিগে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটা পেলেন না ব্রাদার্সের হাইতিয়ান স্ট্রাইকার।
গোলের প্রথম সুযোগটি নষ্ট হয় ৬৪ মিনিটে। বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া তাঁর দুর্দান্ত শটটি পোস্টে লেগে যায় বাইরে। আর ৯০ মিনিটে গোললাইন থেকে সেভ করলেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার প্রদীপ বড়ুয়া। যোগ করা সময়ের
প্রথম মিনিটে একইভাবে হেডে গোললাইন সেভ আরেক ডিফেন্ডার সাইফুলের।
এর আগে যে দুটি ফ্রি-কিক থেকে গোল করলেন ওয়ালসন, এমন গোল সাধারণত ইউরোপিয়ান ফুটবলেই দেখা যায়। বক্সের বাইরে কোনাকুনি দাঁড়ানো ওয়ালসন। সামনে মানবদেয়াল। কিন্তু কোনোবারই দেয়াল বাধা হতে পারেনি। অসাধারণ দুটি রংধনু শটে গোল করে ব্রাদার্সকে আরও একবার জেতালেন ওয়ালসন। গোল দুটি হয়েছে ৭০ ও ৮৩ মিনিটে।
ব্রাদার্স মানেই যেন ‘ওয়ালসন শো।’ গত মৌসুমে ব্রাদার্সের হয়ে ৮ গোল করেছিলেন ১৩ ম্যাচে। লিগের সর্বোচ্চ গোলদাতা ওয়ালসনে সওয়ার হয়েই ছুটছে ব্রাদার্স। কাল পর্যন্ত ১০ ম্যাচে কমলা দলটির ১৬ গোলের ১১টিই ওয়ালসনের! অ্যাডামস, রাব্বি, আকন ও শরীফুল মিলে করেছেন বাকি ৫ গোল।
কাল ম্যাচ শেষে একটু হতাশাই যেন ছুঁয়ে গেল ওয়ালসনকে, ‘হ্যাটট্রিক পাইনি। একটু তো খারাপ লাগছেই। তবে এটাই ফুটবল। তারপরও আমি খেলাটা আজ দারুণ উপভোগ করেছি। সতীর্থরা অবশ্য হ্যাটট্রিক পাইয়ে দিতে যথেষ্ট সহযোগিতা করেছে। ওদের ধন্যবাদ। শেষ পর্যন্ত ম্যাচ জিতেছি বলেই খুশি।’ওয়ালসনের লক্ষ্যটা এবার অনেক বড়, ‘আমি এই মৌসুমে ৫০টি গোল করতে চাই।’ ফ্রি-কিকের জন্য বাড়তি অনুশীলনেরই ফল পাচ্ছেন হাইতিয়ান স্ট্রাইকার, ‘এভাবে গোল করতে আমি অভ্যস্ত। আগেও এভাবে ১৫-২০টি গোল করেছি। ফ্রি-কিকটা নিয়মিতই আলাদা করে অনুশীলন করি।’
দলের কোচ সৈয়দ নইমুদ্দিন ভারত সরকারের দেওয়া বিশেষ সম্মাননা পুরস্কার নিতে কলকাতা গেছেন। কালকের ম্যাচটি জিতে কোচকেই উৎসর্গ করলেন ওয়ালসন। জয় দিয়েই প্রথম পর্ব শেষ করল ব্রাদার্স, ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা এখন তিনে। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দশে থাকা চট্টগ্রাম আবাহনীকে চোখ রাঙাচ্ছে অবনমনের শঙ্কা।