ওয়াহেদে পার আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের প্রায় শেষ সময়ে গোল করে উচ্ছ্বসিত ওয়াহেদ। তাঁর এই গোলেই বিজেএমসিকে হারাতে পারল আবাহনী। কাল ময়মনসিংহ স্টেডিয়ামে l জগলুল পাশা
ম্যাচের প্রায় শেষ সময়ে গোল করে উচ্ছ্বসিত ওয়াহেদ। তাঁর এই গোলেই বিজেএমসিকে হারাতে পারল আবাহনী। কাল ময়মনসিংহ স্টেডিয়ামে l জগলুল পাশা

ট্রেন ধরার তাড়া। সন্ধ্যার ট্রেনেই ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরতে হবে আবাহনীকে। তাই ম্যাচ শেষের সংবাদ সম্মেলনটা তড়িঘড়ি সেরে বেরিয়ে গেলেন আবাহনীর কোচ। যাওয়ার আগে শুধু বললেন, ‘ভাগ্যগুণে জিতেছি। এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছি বলেই খুশি। কিন্তু বিজেএমসির সঙ্গে মোটেও ভালো খেলেনি ছেলেরা।’
ঢাকায় আগের ম্যাচে ফেনী সকারকে ৫ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। হ্যাটট্রিক ছিল সানডে সিজোবার। কিন্তু কাল বিজেএমসির সঙ্গে জিততে ঘাম বেরিয়ে গেল চারবারের চ্যাম্পিয়নদের। ৮২ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা। শেষ পর্যন্ত বদলি ওয়াহেদের গোলে ২-১ ব্যবধানে জয় আবাহনীর। এই জয়ে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও মজবুত হলো। লিগের দুইয়ে থাকা চট্টগ্রাম আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আকাশি-নীল দলটি। পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে আবাহনী ছুটছে দ্রুত পায়েই।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে সতীর্থদের অভিনন্দনে ভিজলেন ওয়াহেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম দিয়েছেন ‘সুপারস্টার ওয়াহেদ’। অথচ একাদশে জায়গা পাওয়া নিয়েই তাঁকে প্রতি ম্যাচের আগে সংশয়ে থাকতে হয়! আগের পাঁচ ম্যাচে তাঁকে মাঠেই নামাননি কোটান। কালও ম্যাচ শুরুর আগে খেলতে পারছেন না বলে ড্রেসিংরুমের সামনে বসে আফসোস করছিলেন। কিন্তু কাল ৬৮ মিনিটে হেমন্ত চোট পেয়ে উঠে যেতেই ওয়াহেদকে নামিয়ে দিলেন কোচ। গত ম্যাচে বদলি নেমে গোল পাওয়া তরুণ সাদ উদ্দিন তাতে হয়তো হতাশ হলেন। তবে কোচের আস্থার প্রতিদানে গোল করে ওয়াহেদই জেতালেন দলকে। ম্যাচ শেষে তাই খুশির আভা সিলেটের ফুটবলারের মুখে, ‘সর্বশেষ সিলেটে খেলেছিলাম। এরপর ঢাকায় কোনো ম্যাচে খেলতে পারিনি। অনেক দিন পর নেমেই গোল পেয়েছি। এতেই জিতেছি বলে বেশি আনন্দ হচ্ছে।’
এদিকে ঢাকাই ফুটবলে ‘গোলমেশিনে’ পরিণত হচ্ছেন ওয়াহেদের সতীর্থ সানডে। ফেনী সকারের সঙ্গে আগের ম্যাচেই হ্যাটট্রিক পাওয়া স্ট্রাইকার কালও করেছেন আবাহনীর প্রথম গোল। তবে সেটির জন্য আবাহনীকে অপেক্ষা করতে হয়েছে ৫৫ মিনিট পর্যন্ত। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত এক শটে জালে পাঠান বল; লিগে সানডের ১৫তম গোলে ১-০-তে এগিয়ে যায় আবাহনী। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা, মুকুটটা হয়তো শেষ পর্যন্তই ধরে রাখবেন নাইজেরিয়ান স্ট্রাইকার।

গোল শোধে মরিয়া বিজেএমসি আক্রমণাত্মক হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে। বিজেএমসির হয়ে ‘ঘরের তারকা’ জিকু বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। অবশেষে পেনাল্টি গোলে সমতা আনে বিজেএমসি। ৬৫ মিনিটে বক্সের মধ্যে আবাহনীর ডিফেন্ডার মামুন মিয়ার হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি জসীম উদ্দিন। পেনাল্টি থেকে ১-১ করেন স্যামসান ইলিয়াসু। এরপর ৮৩ মিনিটে ওয়াহেদের ওই জয়সূচক গোল। লি টাকের কর্নার কিকে বল জুয়েল রানার মাথা ছুঁয়ে পড়ে ওয়াহেদের সামনে। সুযোগসন্ধানী ওয়াহেদ আলতো টোকায় করেন ২-১। যোগ হওয়া সময়ে ইলিয়াসুর সঙ্গে ধাক্কা লেগে চোয়াল ফেটে গেছে আবাহনীর জুয়েল রানার। গুরুতর আহত জুয়েলকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে। 

আজকের খেলা: আরামবাগ-উত্তর বারিধারা (বিকেল ৩টা, ময়মনসিংহ স্টেডিয়াম)