ওয়েঙ্গার এখন একা?

আর্সেনালের সমর্থকেরা ম্যাচের সময়ই নিজেদের খেলোয়াড়দের উদ্দেশ করে স্লোগান দিলেন, ‘এই জার্সিটা পরার যোগ্য তোমরা নও।’ আর ম্যাচ শেষে ক্লাবের সাবেক স্ট্রাইকার ইয়ান রাইটের টুইট, ‘আমি অন্তত জীবন দিয়ে চেষ্টা করেছি। এই ড্রেসিংরুম শেষ!’
আর্সেনাল সমর্থকদের মনের অবস্থাটা এই প্রতিক্রিয়াতেই স্পষ্ট। দিনের পর দিন প্রিয় দলকে ধুঁকতে দেখলে খারাপ তো লাগবেই, তার চেয়েও বেশি খারাপ লাগবে খেলোয়াড়দের মধ্যে সেটি কাটিয়ে ওঠার চেষ্টা না থাকলে। যা ছিল না পরশু সানচেজ-ওজিল-ওয়ালকটদের মধ্যে। অবনমন এড়াতে লড়তে থাকা ক্রিস্টাল প্যালেসের মাঠে কাল লিগে ৩-০ গোলে হেরে গেছে আর্সেনাল, লিগে এবার যেটি তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার!

তবে হার ছাপিয়েও ম্যাচের পর যে প্রশ্নটা বড় হয়ে উঠেছে, তা রাইটের ওই টুইটেই আছে-আর্সেন ওয়েঙ্গার ড্রেসিংরুমের আস্থা হারিয়ে ফেলেননি তো!
প্রতিপক্ষের মাঠে সর্বশেষ চারটি লিগ ম্যাচেই হেরেছে গানাররা, আর্সেনালে ওয়েঙ্গারের ২০ বছরেরও বেশি সময়ে যে ‘রেকর্ড’ এবারই প্রথম। চারটি ম্যাচেই তিনটি করে গোল খেয়েছে। আগের তিন ম্যাচে তবু দু-একটি গোল ফিরিয়ে দিয়েছে, কিন্তু কাল অ্যান্ড্রস টাউনসেন্ড, ইয়োহান কাবায়ে আর লুকা মিলিভোয়েভিচের গোলের কোনো পাল্টা জবাব আর দিতে পারল না। যার কারণ হিসেবেই আসছে ওয়েঙ্গারের ওপর ‘ড্রেসিংরুমের আস্থা’র প্রসঙ্গটা। আর্সেনালকে দেখে যে একটা মুহূর্তেও মনে হয়নি, জেতার কোনো ইচ্ছে তাদের আছে!
ওয়েঙ্গার অবশ্য তা মানতে চান না। ম্যাচের পর সাংবাদিকদের এমন প্রশ্নে বিব্রতই মনে হয়েছে তাঁকে। তবু বললেন, ‘আমার খেলোয়াড়েরা জিততে চায়নি, এটা মনে হয় না। তবে গুরুত্বপূর্ণ সময়গুলোতে দ্বৈরথগুলোতে হেরে গেছি, এমন পর্যায়ের ম্যাচে এগুলোই পার্থক্য গড়ে দেয়। বুঝতে পারছি সমর্থকেরা হতাশ, আমরাও। ম্যাচের পরই এসব ব্যাখ্যা করা কঠিন। সেরা চারে থাকার সম্ভাবনায় এই হারের প্রভাব পড়বে। কঠিন পরিস্থিতিতে আছি আমরা।’
কঠিন পরিস্থিতি বলতে ওয়েঙ্গার-যুগে প্রথমবারের মতো সেরা চারের বাইরে থাকার শঙ্কায় আর্সেনাল। ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয়ে আর্সেনাল, সমান ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ৫৭ পয়েন্ট, চারে থাকা ম্যানচেস্টার সিটির ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট। এসবেরই জেরে কিছুদিন ধরে ওয়েঙ্গারের বিদায় চাচ্ছেন আর্সেনাল সমর্থকেরা। এই ম্যাচেও স্লোগান উঠেছে, ‘আর্সেন ওয়েঙ্গার, আমরা চাই আপনি বিদায় হোন।’ এটির সরাসরি কোনো জবাব আর্সেনাল কোচ দিচ্ছেন না-এই মৌসুম শেষে চলে যাবেন, নাকি গুঞ্জন সত্যি করে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করবেন?
তাঁর এই অনিশ্চয়তার প্রভাব কি খেলোয়াড়দের ওপর পড়ছে? এমন প্রশ্নে আর্সেনাল কোচ রক্ষণাত্মক, ‘আমার মনে হয় না। এটা নিয়ে কথা বলার ইচ্ছে এখন নেই। এই মুহূর্তে আমি বেশি গুরুত্ব দিচ্ছি এটাকেই যে খুব বাজে একটা ফল হয়েছে আমাদের। আর্সেনালে ১১০০-এরও বেশি ম্যাচে কোচ হিসেবে ছিলাম, এমন কিছুর সঙ্গে আমরা অভ্যস্ত নই। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্যি এবং আমাদের এটা মেনে না নিয়ে শিগগিরই ঘুরে দাঁড়াতে হবে। আমি হতাশ, একই সঙ্গে সবকিছু ঠিক করে ফেলতে পারব বলে প্রত্যয়ীও।’ সূত্র: এএফপি।