ওয়েঙ্গার-মরিনহো চলছেই

ম্যাচ শেষে দুই কোচের হাত মেলানো ফুটবলীয় শিষ্টাচারের অবিচ্ছেদ্য অংশই। কিন্তু পরশু কমিউনিটি শিল্ড ফাইনালে সেটার ব্যতিক্রম হলো। আসলে বলা ভালো, আর্সেন ওয়েঙ্গারই ব্যতিক্রম করলেন। হাত মেলাননি হোসে মরিনহোর সঙ্গে! চেলসির সঙ্গে ম্যাচ শেষেই তড়িঘড়ি করে মাঠ ছেড়েছেন আর্সেনাল কোচ।
মরিনহোর সঙ্গে ওয়েঙ্গারের অতীত ইতিহাস যাঁরা জানেন, তাঁরা অবশ্য খুব একটা অবাক হবেন না। দুজনের সম্পর্কটা এখন আসলে তিক্ততার চেয়েও বেশি কিছু। ওয়েঙ্গার হয়তো সে কারণেই পরশু মরিনহোর ছায়াও মাড়াতে চাইলেন না। মরিনহো কিন্তু সংবাদ সম্মেলনে সেটা নিয়ে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়লেন না, ‘সব আর্সেনাল খেলোয়াড় আমার দিকে এগিয়ে আসছিল, আমি তাদের সঙ্গে যেটা করার দরকার সেটাই করেছি (হাত মেলানো)। তবে কেউ যদি ইচ্ছা করে এড়িয়ে যেতে চায় তাহলে কিছু বলার নেই।’
এরপর যেটা বললেন সেটা ওয়েঙ্গারের গায়ে আরও জ্বালা ধরিয়ে দিতে পারে, ‘আমি বিশ্বাস করি কাজ করতে গেলে আপনার সবার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। কাজটা কঠিন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কোচদের বৈঠকে আগেও অনেকবার বলেছি, কোচদের একে অন্যকে শ্রদ্ধা করা উচিত।’
ওয়েঙ্গার অবশ্য ইচ্ছা করে হাত না মেলানোর ‘অভিযোগ’ স্বীকার করলেন না, ‘আমি তো ম্যাচ শেষে বেশ কয়েকজনের সঙ্গে হাত মিলিয়েছি। এটাকে এত বড় করে দেখার কিছু নেই।’
এই তিক্ততার মধ্যেও পরশুর ম্যাচটা ওয়েঙ্গারের কাছে অন্য রকম। প্রথমবারের মতো মরিনহোর বিপক্ষে জয় পেয়েছেন। তবে মরিনহোর দাবি, হারটা চেলসির প্রাপ্য ছিল না, ‘ওরা তো বক্সের সামনে নয়জন দাঁড় করিয়ে রেখেছিল। রক্ষণাত্মক দলটাই জিতেছে, সেরা দলটা হেরেছে।’ ম্যাচ শেষে মরিনহো নিজের রানার্সআপ পদকটা দর্শকসারিতে ছুড়ে মেরেছেন, নিজেই পরে বলেছেন, ‘এই পদকটা পরাজিতদের জন্য। এটা অন্য কারও কাছে মনে রাখার মতো হতে পারে, আমার কাছে নয়।’
বোঝাই গেছে হারটা মেনে নিতে পারেননি চেলসি কোচ। নাকি ওয়েঙ্গারের কাছে হারটাই বুকে এসে বিঁধছে? এএফপি।