ওয়েঙ্গারকে ওয়েলবেকের উপহার

হ্যাটট্রিক, লাল কার্ড, পেনাল্টি মিস, অঘটন—চ্যাম্পিয়নস লিগ যেন তার সবটুকু রূপরস নিয়ে হাজির হয়েছিল পরশু। রিয়াল, ডর্টমুন্ড, আর্সেনাল জিতেছে প্রত্যাশানুযায়ী। তবে লিভারপুলকে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ডের দল বাসেল। ইতালি ও স্পেনের দুই চ্যাম্পিয়ন জুভেন্টাস-অ্যাটলেটিকোর দ্বৈরথে জয় হয়েছে স্পেনের।
প্রথম ম্যাচে হোঁচট খেতে খেতেও বেঁচে গিয়েছিল লিভারপুল। পুঁচকে লুদোগোরেৎসের বিপক্ষে জয় এসেছিল অন্তিম মুহূর্তের গোলে। কিন্তু পরশু বাসেলের কাছে একরকম আত্মসমর্পণ করেছে ব্রেন্ডন রজার্সের দল। ইতিহাসের নিরিখে অবশ্য ফলটা খুব একটা বিস্ময় হয়ে আসেনি। ইংলিশ ক্লাবের সঙ্গে মুখোমুখি আগের তিন লড়াইয়েই জিতেছিল বাসেল। পরশু লিভারপুলের সঙ্গে ১-০ গোলের জয়টা কাগজে-কলমে যতটা কঠিন দেখাচ্ছে, আসলে তার চেয়ে সহজেই এসেছে।
পুরো ম্যাচে বাসেল গোলরক্ষককে তেমন কোনো বড় পরীক্ষায় ফেলতে পারেনি লিভারপুল। স্টিভেন জেরার্ড পরে স্বীকার করেছেন, ‘এই ম্যাচ থেকে কিছু পাওয়া আমাদের প্রাপ্য ছিল না। পুরো ম্যাচেই আমরা গা ছাড়া দিয়ে খেলেছি।’ কোচ ব্রেন্ডন রজার্সের কণ্ঠেও এই হতাশার অনুরণন, ‘খুব সহজেই আমরা গোলটা খেয়ে গেছি। এটাই কিন্তু প্রথমবার নয়। আপনি যখন প্রতিপক্ষের মাঠে, বিশেষ করে ইংলিশ দলগুলোর সঙ্গে ভালো রেকর্ড আছে এমন কোনো দলের কাছে এমন গোল খান তাহলে কাজটা কিন্তু অনেক কঠিন।’ রজার্স অবশ্য গোল নিয়ে হতাশ হতেই পারেন। কর্নার থেকে ওভাবে গোল খাওয়ার জন্য তো ডিফেন্ডাররাই দায়ী!
তবে হারলে দায়টা গোলরক্ষকের ওপর চাপাতে পারতেন আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের শেষ প্রহরী শেসনি যে গ্যালাতাসারাই স্ট্রাইকার বুরাক ইলমাজকে ফাউল করে লাল কার্ড দেখেছেন! তবে খেলাটা কার্যত এর আগেই শেষ হয়ে গেছে। ৬০ মিনিটে শেসনি যখন মাঠ ছেড়েছেন তখনই আর্সেনাল ৪-০ গোলে এগিয়ে। একজন বেশি নিয়েও গ্যালাতাসারাই শেষ পর্যন্ত গোল করতে পেরেছে একটি।
শেসনি ভুলে যেতে চাইলেও ড্যানি ওয়েলবেক পরশুর রাতটা অনেক দিন মনে রাখবেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই মৌসুমেই পাড়ি জমানো স্ট্রাইকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। প্রথম চার ম্যাচ পর সেটি আরও জোরালো হয়ে কানে বাজতে শুরু করল। তবে পরশু দুর্দান্ত এক হ্যাটট্রিক করে নিন্দুকদের মুখ বন্ধই করে দিয়েছেন। পরশুর জয়টা ওয়েঙ্গারের কাছেও একটু আলাদা। আর্সেনালের কোচ হিসেবে পরশু ১৮ বছর পূর্ণ হওয়ার দিনে ওয়েলবেকরা দারুণ একটা উপহারই দিয়েছেন ফরাসি কোচকে।
জুভেন্টাসের সঙ্গে অ্যাটলেটিকোর খেলাটা হয়েছে প্রত্যাশামতোই। শারীরিকভাবে দারুণ শক্তিশালী দুই দল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে আরদা তুরানের গোল জিতিয়েছে অ্যাটলেটিকোকে। তবে জুভেন্টাস তাদের কতটা ভুগিয়েছে সেটা বুঝতে পারবেন লা লিগা চ্যাম্পিয়নদের কোচ ডিয়েগো সিমিওনের কথায়, ‘আমার তো মনে হয় ওরা রিয়াল বা বার্সেলোনার মানের। অনেকবার ওদের ভিডিও দেখেছি। আমার মনে হয়েছে ওদের আক্রমণ করা সবচেয়ে কঠিন।’ এএফপি।
এক নজরে ফল
অ্যাটলেটিকো ১ : ০ জুভেন্টাস
লুদোগোরেৎস ১ : ২ রিয়াল মাদ্রিদ
আর্সেনাল ৪ : ১ গ্যালাতাসারাই
বাসেল ১ : ০ লিভারপুল
আন্ডারলেখট ০ : ৩ ডর্টমুন্ড
জেনিত ০ : ০ মোনাকো
লেভারকুসেন ৩ : ১ বেনফিকা
মালমো ২ : ০ অলিম্পিয়াকস
* প্রথমে স্বাগতিক দল
টুকিটাকি
ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ চারটি ম্যাচেই জিতেছে বাসেল।
১৯৭১ সালের পর প্রথম কোনো সুইস দলের কাছে হারল লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ সাত ম্যাচে (বাছাইসহ) পাঁচটি লাল কার্ড দেখেছেন আর্সেনালের খেলোয়াড়েরা।
মাইক নিওয়েল, অ্যান্ড্রু কোল, অ্যালান শিয়ারার, মাইকেল ওয়েন ও ওয়েইন রুনির পর ষষ্ঠ ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক পেলেন ড্যানি ওয়েলবেক। সিনিয়র ক্যারিয়ারে ওয়েলবেকের এটাই প্রথম হ্যাটট্রিক।
ওয়েলবেকের আগে আর্সেনালের হয়ে হ্যাটট্রিক পেয়েছেন শুধু থিয়েরি অঁরি ও নিকোলাস বেন্টনার।
রোনালদোর পেনাল্টি ঠেকিয়ে দেওয়া স্তোয়ানভ গত দুই মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই নিয়ে চারটি পেনাল্টি বাঁচালেন।
চ্যাম্পিয়নস লিগে এক পঞ্জিকাবর্ষে দুটি লাল কার্ড দেখা চতুর্থ খেলোয়াড় আর্সেনাল গোলরক্ষক ভয়চেক শেসনি।
চ্যাম্পিয়নস লিগে মালমোর প্রথম জয়। ১৪ বছরে চ্যাম্পিয়নস লিগে কোনো সুইডিশ ক্লাবেরও প্রথম জয় এটি।