ওয়েঙ্গারের অন্য রকম রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাদে দুই দলের আগের সাক্ষাতে আর্সেনালকে ৬-৩ গোলে বিধ্বস্ত করেছিল ম্যানচেস্টার সিটি। কে ভাবতে পেরেছিল, পরশু সেই আর্সেনালই সিটির মাঠে গিয়ে ২-০ গোলে জিতবে? আর্সেন ওয়েঙ্গার তো এমনি এমনি বলেননি, এই জয় তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
ধন্যবাদটা সবার আগে সান্তি কাজোরলাকেই দেবেন ওয়েঙ্গার। আর্সেনালের এই স্প্যানিশ মিডফিল্ডার দুর্দান্ত খেলেছেন গোটা ম্যাচে। পেনাল্টি থেকে প্রথম গোল করার পর অলিভিয়ের জিরুকে দিয়ে করিয়েছেন আরেকটি। ওয়েঙ্গার কাজোরলার প্রশংসায় কোনো কার্পণ্য করেননি, ‘আমার মনে হয় সে এখন তার ক্যারিয়ারের শিখরে আছে। নতুন খেলোয়াড়দের জন্য সে দারুণ এক দৃষ্টান্ত, সে দেখিয়েছে মাঠে দুই পা-ই ব্যবহার করতে পারলে কত সুবিধা। এটা মিডফিল্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
মজার ব্যাপার, যে দুজনের ওপর ম্যাচের আগে বেশি আলো ছিল সেই দুজন কিন্তু ছিলেন তুলনামূলক নিষ্প্রভ। আর্সেনালের অ্যালেক্সিস সানচেজ তাও জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন, সিটির সার্জিও আগুয়েরোকে পরশু খুঁজেই পাওয়া যায়নি।
আগুয়েরোর জন্য রাতটা ভুলে যাওয়ার মতো হলেও পরশু ইউরোপে আলো ছড়িয়েছে আর্জেন্টাইনরাই। জুভেন্টাসের ৪-০ গোলের জয়ে কার্লোস তেভেজ করেছেন জোড়া গোল, ২৪ বছর বয়সী উইঙ্গার রবার্তো পেরেইরা করেছেন একটি। নাপোলিকে জিতিয়েছেন গঞ্জালো হিগুয়েইন, রোমার সঙ্গে গোল করে দলকে ড্র এনে দিয়েছেন পালের্মোর ফর্মে থাকা স্ট্রাইকার পাওলো ডাইবালা। সিরি ‘আ’তে এই মৌসুমে শীর্ষ চার গোলদাতাই আর্জেন্টাইন। এএফপি।