ওয়েঙ্গারের মুখ থেঁতলে দিতে চেয়েছিলেন মরিনহো!

ঠিক সুসম্পর্ক যাকে বলে, সেটা দুজনের মধ্যে ছিল না কখনোই। বরং তাঁদের সম্পর্কটাকে তিক্তই বলা উচিত। কিন্তু তা আরেকজনের মুখ ভেঙে দেওয়ার মতো এতটা খারাপ! হোসে মরিনহো নাকি আর্সেন ওয়েঙ্গারকে সে রকম কিছু করারই হুমকি দিয়েছিলেন! মরিনহোকে নিয়ে ইংরেজ সাংবাদিক রবার্ট বিসলির নতুন বই ‘হোসে মরিনহো : আপ ক্লোজ অ্যান্ড পারসোনাল’-এ সেরকমই দাবি করা হয়েছে।
২০০৪ সালে মরিনহো যখন প্রথম চেলসিতে এসেছিলেন, তখন থেকেই দুজনের দ্বন্দ্বের শুরু। তবে সেটি অন্য মাত্রা পেয়েছে স্টামফোর্ড ব্রিজের দলটিতে পর্তুগিজ কোচের দ্বিতীয় দফায় ফিরে আসার পর। ২০১৩ সালে মরিনহো চেলসির কোচ থাকা পর্যন্ত আর্সেনাল-চেলসির ম্যাচ মানেই ওয়েঙ্গার-মরিনহোর লড়াই। ওয়েঙ্গার চেলসির রক্ষণাত্মক কৌশল আর দলটির কাড়ি কাড়ি টাকা খরচ করা নিয়ে খোঁচা দেন তো মরিনহো আর্সেনালের সাফল্যখরা নিয়ে টিটকারি মারেন। দুই বছর আগে তো মরিনহো সরাসরি ওয়েঙ্গারকে ‘ব্যর্থতা-বিশেষজ্ঞই’ বলে বসেছিলেন।
এরপর থেকে দুজনের হাত মেলানো দূরে থাক, মুখ দেখাদেখিও প্রায় বন্ধ। সুযোগ পেলেই অবশ্য একে অন্যকে খোঁচা দিতে ছাড়েননি। কিন্তু ব্যাপারটা যে খোঁচার চেয়েও বেশি কিছু, সেটা এবার জানা যাচ্ছে। ঘটনাটা আড়াই বছর আগের। চেলসি থেকে হুয়ান মাতাকে নিয়ে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওই সময় ওয়েঙ্গার এই দলবদল নিয়ে মরিনহোকে খোঁচা দিয়েছিলেন। মরিনহো ইচ্ছা করে ইউনাইটেডকে আর্সেনালের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার জন্য এটা করেছেন বলে দাবি ওয়েঙ্গারের। বিসলি জানাচ্ছেন, মরিনহো ওই সময় বলেছিলেন, ‘মি. ওয়েঙ্গার মাতার এই দলবদল নিয়ে বলতে থাকলে এক দিন আমি মাঠের বাইরে গিয়ে তার মুখ থেঁতলে দেব।’
২০১৪ সালে আর্সেনাল-চেলসির স্টামফোর্ড ব্রিজের ম্যাচেও মরিনহো এ রকম আরেকটা কথা নাকি বলেছিলেন, ‘আমি এখানে কিছু করতে পারছি না, তবে মাঠের বাইরে ওর সঙ্গে আমার একদিন না একদিন দেখা হবেই।’
কিন্তু ওয়েঙ্গার কী বলবেন এখন? কালই চেলসির সঙ্গে ম্যাচ। তার আগে মরিনহোর এই ‘হুমকি’ মনে করিয়ে দেওয়া হলো আর্সেনাল কোচকে। ওয়েঙ্গার অবশ্য বললেন, বইটা তিনি পড়েনইনি। এ ব্যাপারে তাই কোনো মন্তব্য করতেও পারছেন না। তথ্যসূত্র : মেইলঅনলাইন।