ওয়েঙ্গারের যুক্তিতে মেলেনা!
২২২ মিলিয়ন ইউরোতে নেইমারের দলবদল নিয়ে আর্সেনাল কোচের কথা, ‘এটা আসলে ক্লাবের মালিকানার প্রভাব, গত ১৫ বছরে ফুটবলের মানচিত্রই এতে পুরো বদলে গেছে। খেলাটার জন্যই এটা অস্বাভাবিক। আমরা এখন আর ওই জায়গায় নেই, যেখানে কেউ ভাবে, “আমি এত বিনিয়োগ করছি, এখান থেকে ফেরত কী পাব।” এখনকার দলবদলের অঙ্কগুলোয় অনেক আবেগ, গর্ব, জনস্বার্থ জড়িয়ে থাকে। এটিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আপনি। মূল্যস্ফীতিও দ্রুত বাড়ছে। গত বছরই দলবদলে ১০০ মিলিয়ন ইউরোর রেখা পেরিয়েছি আমরা (পল পগবা, জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে, ১০৫ মিলিয়ন ইউরোয়)। মাত্র এক বছর পরই ২০০ মিলিয়নের রেখাটাও পেরিয়ে যাচ্ছি।’
খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোও বলছে, ‘ফুটবল যে দিনে দিনে নির্দিষ্ট কিছু ধনীদের, বিশেষ করে ইউরোপিয়ান ক্লাবগুলোর কাছে বাঁধা পড়ছে, তার সর্বশেষ প্রমাণ বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড গড়ে নেইমারের পিএসজিতে যাওয়া।’