ওয়েঙ্গারের শেষ সান্ত্বনাও শেষ!

আগামী মৌসুমে আর্সেনালকে আর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়তে হবে না! একজন মজা করে এমন একটি টুইট করেছেন পরশু রাতে। আর্সেনালের সমর্থকদের বুকে এটা শেলের মতোই বেঁধার কথা। লিগ শিরোপা জেতা হয়নি প্রায় এক যুগেরও বেশি। তবে চ্যাম্পিয়নস লিগে নিয়মিতই খেলে এসেছে আর্সেন ওয়েঙ্গারের দল। এবার তো সেটিও হচ্ছে না। লিগে পঞ্চম হয়ে ১৯ বছর পর চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে আর্সেনাল।
সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখলেই আর্সেনাল সমর্থকদের হৃদয়ের রক্তক্ষরণ টের পাওয়া যাচ্ছে। ‘ওয়েঙ্গার হঠাও’ স্লোগান আরও জোরালো হয়েছে। টুইটারে ‘ওয়েঙ্গারআউট’ হ্যাশট্যাগ ব্যবহার করে চলছে রীতিমতো আন্দোলন। আর্সেনালের সাবেক ফুটবলার ইয়ান রাইটও যেটির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে আর্সেনালের মার্কিন মালিক স্ট্যানলি কোরেনকেরও বিদায় চেয়েছেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার, ‘আর্সেনালে কী হচ্ছে? ওয়েঙ্গার কি থাকছেন? কোরেনকে কি বিদায় নিচ্ছেন? আমাদের এগুলো জানতে হবে। আমাদের ক্লাব বিব্রতকর অবস্থায় আছে।’
আর্সেনালে ২১ বছর ধরে আছেন ওয়েঙ্গার। লিগ শিরোপা জিতেছেন ৩টি, তবে সর্বশেষটি সেই ২০০৩-০৪ মৌসুমে। চ্যাম্পিয়নস লিগে নিয়মিত খেলাটা যা একটু সান্ত্বনা হয়ে ছিল, এবার সেটিও থাকছে না। ওয়েঙ্গার যেটিকে বলছেন, ‘ভয়ংকর অভিজ্ঞতা’। সমর্থকেরা তাঁকেই দুষছেন। আর ফরাসি এই কোচ দায় দিচ্ছেন তাঁকে নিয়ে তৈরি অস্থির আবহকে, ‘বিভিন্ন কারণে জানুয়ারি থেকে আমরা খুব কঠিন আবহের মধ্যে খেলেছি। এর কিছু নিশ্চিতভাবেই আপনারা জানেন। খেলোয়াড়দের জন্য এর সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব কঠিন। নিশ্চিতভাবেই এর পেছনে ছিল আমার ব্যক্তিগত পরিস্থিতি।’
প্রিমিয়ার লিগ থেকে এবার সরাসরি চ্যাম্পিয়নস লিগে যাচ্ছে চেলসি, টটেনহাম ও সিটি। চতুর্থ হয়ে প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে লিভারপুল। টানা সপ্তম মৌসুমে সিটির চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়েছে শেষ দিনে। তবে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তাতে উচ্ছ্বসিত হওয়ার বদলে মনে করিয়ে দিলেন বাস্তবতাটা, ‘রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা যখন কোনো খেলোয়াড় কিনতে চায়, অন্যরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এটা শুধু অর্থের ব্যাপার নয়। কারণ তারা রিয়াল ও বার্সা। অর্থই যথেষ্ট নয়। তাদের সঙ্গে লড়তে হলে আমাদের সময় লাগবে, দশকের পর দশক।’ এএফপি, রয়টার্স।