ওয়েঙ্গারের সামনে এবার কন্তের চেলসি
আর্সেন ওয়েঙ্গার হয়তো ভাবছেন, বিশেষ ম্যাচগুলোয় কেন চেলসিই পড়ে সামনে!
গত বৃহস্পতিবার আর্সেনালে ২০ বছর পূর্ণ করেছেন ওয়েঙ্গার। আজ প্রিমিয়ার লিগের ম্যাচটা তো তাই বিশেষই। কিন্তু প্রতিপক্ষ চেলসি বলেই যত সমস্যা। একে তো লন্ডনের প্রতিবেশী ক্লাব, ৩ পয়েন্ট ছাপিয়ে এটি সম্মানের লড়াইও। জয়ের আনন্দ কিংবা হারের হতাশা—দুটিই হবে দুকূল ছাপানো। তার ওপর এমন বিশেষ ম্যাচে চেলসির মুখোমুখি হওয়ার সর্বশেষ স্মৃতিটা সুখকর নয় ওয়েঙ্গারের। আর্সেনালের ডাগআউটে তাঁর হাজারতম ম্যাচেও লন্ডনের প্রতিবেশীদের কাছেই হেরেছিলেন ৬-০ গোলে! সর্বশেষ ৩১ ম্যাচেও চেলসির বিপক্ষে ওয়েঙ্গার হাসি নিয়ে ফিরেছেন মাত্র পাঁচবার। আজ কন্তের চেলসির বিপক্ষে কী হবে?
সবই তাঁর জন্য নেতিবাচক! তবে ওয়েঙ্গারের ওসব নিয়ে ভাবতে বয়েই গেছে। ৬৬ বছর বয়সী ফরাসি হয়তো এখন মনে মনে নতুন চক্র শুরুর হিসাব কষছেন।
চক্রই তো। গানারদের ডাগআউটে তাঁর ২০ বছর দেখেছে দুটি বিপরীতমুখী চক্র। ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত ওয়েঙ্গার ছিলেন ‘মিডাস’—তিনটি লিগ, চারটি এফএ কাপ, এর মধ্যে ২০০৩-০৪ মৌসুমে লিগ অপরাজিত...ওয়েঙ্গার যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলেছে। কিন্তু পরের ১০ বছর? হাহাকার! শুধু দুটি এফএ কাপই সম্বল।
দশ-দশের দুটি চক্র শেষ। এবার আবার নতুন যাত্রা শুরু হবে? কে জানে! তবে যাত্রার প্রথম পা পড়ছে আজ ঘরের মাঠে। ম্যাচের আগে ওয়েঙ্গার দলের শক্তি চিন্তা করে আছেন ফুরফুরে মেজাজে। লিগে শেষ তিন ম্যাচে জিতেছে আর্সেনাল, বুধবার তাঁর প্রায় ‘রিজার্ভ’ দলও লিগ কাপে উড়িয়ে দিয়েছে নটিংহাম ফরেস্টকে। ৬৬ বছরের ভাঁজপড়া কপালেও তাই স্বস্তির রেখা স্পষ্ট, ‘নটিংহামের পারফরম্যান্সই বলছে, হালের বিপক্ষে লিগে আগের ম্যাচের দলকেও এক পায়ে খাড়া থাকতে হবে। নিজেদের মধ্যে এমন প্রতিদ্বন্দ্বিতাই তো চাই।’
চেলসি কোচ আন্তোনিও কন্তেকেও স্বস্তি দেবে লিগ কাপের শেষ ম্যাচ। লিগে শেষ দুই ম্যাচে ড্র ও হার, এরপর লিগ কাপে বুধবার দুই গোলে পিছিয়ে পড়েও লেস্টারকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি।
কন্তের সঙ্গে ডাগআউটে আজই প্রথম দেখা হচ্ছে ওয়েঙ্গারের। লড়াইটা এ জন্যও আলাদা আলোচনা দাবি করে। এই দুই দলের বাইরে আজ ঘরের মাঠে চ্যাম্পিয়ন লেস্টার সিটির বিপক্ষে খেলবে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলও। এএফপি।