ওয়েডসন-মামুনুলের গোলবৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আভাস থাকলেও ম্যাচের সময় বৃষ্টি হয়নি। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ঠিকই বৃষ্টি হলো। গোলবৃষ্টি!
ওয়েডসন আর মামুনুল যেভাবে গোল করছিলেন, শ্রাবণের বৃষ্টিও হার মেনে যেত। ফরাশগঞ্জের জালে এই দুজনেরই সাত-সাতটি গোল! ওয়েডসন ৪, মামুনুল ৩। ল্যান্ডিং ও তকলিচের ১টি করে গোল, পুরান ঢাকার দলটি ৯ গোলের বন্যায় ভেসে গেল শেখ জামাল ধানমন্ডির সামনে।
পেশাদার লিগে সবচেয়ে বড় জয় এটি। তীব্র লড়াইয়ের এই অষ্টম পেশাদার লিগে শীর্ষে থাকা শেখ জামালকে এটি জোগাল আরও আত্মবিশ্বাস। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট চ্যাম্পিয়নদের। কোচ হিসেবে যোসেফ আপুসির প্রত্যাবর্তনও হলো এককথায় দুর্দান্ত।
শেখ জামাল মাঠে যা করতে চেয়েছে, সবই করেছে হেসেখেলে। ১০ গোলের ম্যাচে ওয়েডসন-মামুনুলরা নিশানাভেদে নিখুঁত, তাই বানের পানির মতো বল ঢুকল ফরাশগঞ্জের পোস্টে। ফরাশগঞ্জকে নীরব দর্শক হয়েই দেখতে হলো সব। খেলোয়াড়দের ফিটনেস প্রায় শূন্য। কভারিং নেই, ম্যান মার্কিং দুর্বল। বোঝাপড়া তো নেই-ই। এমন দল নিয়ে ‘বাঘের’ মুখে পড়লে যা হয় আর কী! ৯ গোলের বোঝা পিঠে নিয়ে ফরাশগঞ্জের কোচ রেজাউল হক জামালের সেই উপলব্ধিই হলো, ‘আমরা অনুশীলন করেছি মাত্র চার-পাঁচ দিন। কাল তো শুধুই ওয়ার্মআপ করতে পেরেছি। প্রস্তুতি না থাকারই ফল এটি।’
সত্যটা হলো প্রস্তুত হয়ে নামলেও ফরাশগঞ্জকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে শেখ জামাল। প্রস্তুতিবিহীন দলকে রীতিমতো খাদ্য বানিয়ে গিলে ফেললেন ওয়েডসন-মামুনুলরা। ৮ মিনিটে ল্যান্ডিং খোলেন গোলের খাতা। ২৬ মিনিটে ওয়েডসন করেন ২-০। একটু গা ঝাড়া দিয়ে আক্রমণে ওঠে ফরাশগঞ্জ। ৩৮ মিনিটে পিটার দর্শনীয় শটে ২-১ করতেই ম্যাচে একটু উত্তাপ। এই গোল খেয়ে শেখ জামাল থাবা বসায় ফরাশগঞ্জের ওপর, বাঁচার আর পথ পায়নি দলটি।
বিরতির ঠিক আগে ওয়েডসন করেন ৩-১। গোলের আনন্দের চেয়ে তখন তাঁকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। নিজেদের রক্ষণ গোল হজম করল কেন, নিজেও দু-একটি সহজ সুযোগ হারিয়েছেন। তারই ফল কিনা ৫২ মিনিটে তাঁর হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোল। ৬৬ মিনিটে ওয়েডসনের চতুর্থ ও লিগে দশম গোলের সৌজন্যে ৬-১। অনেকে রসিকতা করে বলছিলেন, রাগ সামলাতে না পেরে আজ গোলের জন্য ক্ষুধার্ত হাইতিয়ান স্ট্রাইকার।
৪-১ হওয়ার পরের মিনিটেই দৃশ্যপটে আগমন মামুনুলের। পেনাল্টি থেকে তিনি করেন ৫-১। হঠাৎই মামুনুলের গোলতৃষ্ণার দেখা মিলল। অন্য দিনগুলোতে গোল করানোর দিকেই বেশি মনোযোগী থাকেন। কাল তাঁকেও ছুটিয়ে নিল গোলের নেশা। ৭৩ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে তাঁর দ্বিতীয় ও দলের সপ্তম গোল। ৮৩ মিনিটে বদলি ফরোয়ার্ড তকলিচের পায়ে অষ্টম গোল, শেষ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে রকেটগতির শটটা জালে ঢুকে মামুনুলকে দিল হ্যাটট্রিকের গৌরব এবং তাতেই সমাপ্তি গোল-উৎসবের।
২০১১ সালে মুক্তিযোদ্ধার জার্সি গায়ে ফেডারেশন কাপে কক্সসিটির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ঢাকার মাঠে এত দিন ওটাই ছিল মামুনুলের একমাত্র হ্যাটট্রিক। লিগে গতকালই পেলেন প্রথম হ্যাটট্রিক এবং ম্যাচের পর তিনি ভীষণ উচ্ছ্বসিত, ‘আমি গোল করানোর দিকেই বেশি মনোযোগ দিই। মিডফিল্ডারদের পক্ষে হ্যাটট্রিক করা বেশ কঠিন। তবে আজ দ্বিতীয় গোলটার পর ভাবছিলাম জায়গা পেলে ভালো একটা শট নিয়ে হ্যাটট্রিকের চেষ্টা করব। সেটি পেলাম এবং শটাও ভালো হলো।’
মামুনুল-ওয়েডসনদের মাঠে ভালো দিন যাওয়া মানে অন্যদের জন্য সতর্কসংকেত।

পেশাদার লিগে বড় জয়
৯-১
শেখ জামাল–ফরাশগঞ্জ
২৮ জুন ২০১৫
৮-০
শেখ জামাল–উত্তর বারিধারা
২০ মার্চ ২০১৪
৮-০
মুক্তিযোদ্ধা–উত্তর বারিধারা
২৫ জুলাই ২০১৪
৮-১
শেখ জামাল–চট্টগ্রাম আবাহনী
১৪ জুন ২০১৪