ওয়েডসনদের সামনে জাহিদ-এমিলিরা
একটা সময় আবাহনী-মোহামেডান লড়াইটাই ঘরোয়া ফুটবলে ছিল সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ। শক্তি বিবেচনায় বর্তমান সময়ে সেই জায়গায় বসেছে দুটি নাম—শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগে আজ বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হালের দুই ঘরোয়া পরাশক্তি মুখোমুখি হচ্ছে গুরুত্বপূর্ণ লড়াইয়ে।
পাঁচ ম্যাচে জামালের পয়েন্ট ১৫। মুক্তিযোদ্ধার কাছে হেরে রাসেলের চার ম্যাচে ৯। গত ম্যাচে আবাহনীকে হারালেও শেখ রাসেল মনস্তাত্ত্বিক চাপে আছে। জামাল জিতলে অনেকটা সুবিধাজনক জায়গায় চলে যাবে, রাসেলের পক্ষে তাদের সঙ্গে পাল্লা দেওয়া হয়ে পড়বে কঠিন।
পরিসংখ্যান এগিয়ে রাখছে জামালকেই। পেশাদার লিগে দুই দলের আগের আট লড়াইয়ে জামাল জিতেছে তিন ম্যাচ, বিপরীতে রাসেলের জয় মাত্র একটি। সর্বশেষ দুই ম্যাচেই জয় তুলে মানসিকভাবেও এগিয়ে জামাল।
জামালের ফরোয়ার্ড ওয়েডসনকে রুখতে বড় পরীক্ষাই দিতে হবে রাসেলের রক্ষণকে। দুই দলের আগের ম্যাচের দুটি গোলই করেছেন হাইতিয়ান স্ট্রাইকার। ডার্লিংটন ও ল্যান্ডিংয়ের সহায়তা পেলে আজও তিনি ভয়ংকর হয়ে উঠতে পারেন।
রাসেলের বড় ভরসা স্থানীয় তারকারা, তবে দলগতভাবে রাসেল গোল পাচ্ছে কম। জামালের ১৪ গোল, রাসেলের মাত্র ৬। নীল জার্সিতে জাহিদ ভালো খেলছেন, মাঠে এমিলি অনেকটাই সাদামাটা। তাঁর গোল মাত্র দুটি। এমিলি-জাহিদকে লড়তে হবে এরই মধ্যে পাঁচ গোল করে ফেলা ওয়েডসন-ডার্লিংটনের সঙ্গে। লড়াইটা তাই এমিলি-জাহিদ বনাম ওয়েডসন-ডার্লিংটনেরও।
শেখ জামালের কোচ মারুফুল হকের কণ্ঠে তাই দৃঢ়তাও বেশি, ‘জয়ের ব্যাপারে আশাবাদী।’ চাপে থাকা শেখ রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচকে বলতে হচ্ছে, ‘জিততে আমাদের হবেই।’