
এনামুল বনাম ওয়েডসন দ্বৈরথ হতে পারত এই লিগের সবচেয়ে বড় বিজ্ঞাপন। কিন্তু হলো না। একপেশে লড়াইয়ে ওয়েডসনরাই জয়ী।
মুক্তিযোদ্ধা কাল সন্ধ্যায় পুরোপুরি খোলসবন্দী। জ্বলে ওঠার ম্যাচেই আশ্চর্যজনকভাবে নিষ্প্রভ। অন্যদিকে টানা দুই ম্যাচ ড্র শেষে শেখ জামাল ধানমন্ডি আবার চেনা রূপে। প্রায় ৪০ মিনিট ১০ জন নিয়ে খেলেও এই ম্যাচের ৩ পয়েন্ট শেখ জামালেরই হাতে!
৯ ম্যাচে ২৩ পয়েন্ট জামালের। মুক্তিযোদ্ধার ১৬। ৭ পয়েন্ট এগিয়ে অনেকটাই সুবিধাজনক জায়গায় মারুফুল হকের দল। তবে আরও ১১ ম্যাচ বাকি। যেকোনো কিছুই ঘটতে পারে বলে এটিকে বড় করে দেখছে না কোনো দলই।
লিগের আগে শেখ জামাল-মুক্তিযোদ্ধার ম্যাচ কারও কাছেই ‘বড় ম্যাচ’ হতে পারেনি। অপ্রত্যাশিতভাবে মুক্তিযোদ্ধা হয়ে ওঠে শেখ জামালের নিকটতম প্রতিদ্বন্দ্বী। কিন্তু কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামালের সামনে আসলে বড় কোনো প্রতিদ্বন্দ্বীই মনে হয়নি মুক্তিযোদ্ধাকে।
অথচ এই সেদিন দুই দলের ফেডারেশন কাপের লড়াইটা কী দুর্দান্তই না ছিল! ৬-৪ গোলে শেখ জামাল হাসলেও মুক্তিযোদ্ধা খেলেছে জীবন বাজি রেখে।
কালও ম্যাচের শুরুতে সেই গোলবহুল ফাইনালেরই পুনরাবৃত্তির ইঙ্গিত। প্রথম পাঁচ মিনিটেই ১-১। দ্বিতীয় মিনিটে লিংকনের বাঁকানো ক্রসে এমেকা ডার্লিংটনের হেডে এগিয়ে যায় শেখ জামাল। পঞ্চম মিনিটেই তাদের আত্মঘাতী গোল হজম। ডিফেন্ডার নাসিরের ব্যাকপাস ধরতে পারেননি গোলরক্ষক হিমেল!
২২ মিনিটে ডার্লিংটন-ওয়েডসন যুগলবন্দীতে ২-১। প্রথমজনের থ্রু পাস করে দ্বিতীয়জনের লক্ষ্যভেদ। মুক্তিযোদ্ধার রক্ষণ চেয়ে চেয়ে দেখল। অফসাইডের ফাঁদ এড়িয়েই চতুর ওয়েডসন গোল পেলেন দুই ম্যাচ পর।
এই গোল মুক্তিযোদ্ধা মানতে চায়নি। ওয়েডসন অফসাইডে ছিলেন দাবি করে রেফারি জালাল উদ্দিনকে তারা ঘিরে ধরে। এক ফাঁকে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার সৈকত ধাক্কা মারেন রেফারিকে। পুরোনো দিনের রেফারি নিগ্রহের দৃশ্যই যেন ফিরে আসছিল।
রেফারিং নিয়ে এবার মুক্তিযোদ্ধার বিস্তর অভিযোগ। প্রথম চার ম্যাচে জয়ের পর গত চার ম্যাচে তারা মাত্র ১ পয়েন্ট পেয়েছে। বাজে রেফারিং নিয়ে দলটি বাফুফের কাছে লিখিত অভিযোগও করেছে। তারই ধারাবাহিকতায় কালকের উত্তেজনায় আরও ঘি পড়ল।
উত্তেজনা শেষে ৯ মিনিট পর ম্যাচ শুরু। তবে মুক্তিযোদ্ধা দুটি পাসও ঠিকমতো খেলতে পারছিল না। কর্নার, ফ্রি-কিক কোনোটিই ঠিকমতো নিতে পারেননি খেলোয়াড়েরা। উপরন্তু মাঠে নিজেদের মধ্যে ঝগড়া করেছেন। লিগে এ পর্যন্ত সর্বোচ্চ ৭ গোল করা এনামুল বাক্সবন্দী হয়ে রইলেন, তাঁকে ভেতরে ঢোকার সুযোগ দেননি জামাল ভূঁইয়া। কামারাও থাকলেন কড়া পাহারায়।
৫১ মিনিটে শেখ জামালের মিডফিল্ডার রাজুর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার সুবিধাও নিতে পারেনি মুক্তিযোদ্ধা! জামালের মাঝমাঠের প্রাণ মামুনুল ইসলামও চোটের কারণে বাইরে। এঁদের না থাকাও সমস্যা হয়নি চ্যাম্পিয়নদের জন্য।
মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফ তাঁর দলকে দেখে অবাক, ‘ছেলেদের মধ্যে হতাশা চলে এসেছে। ওরা আড়ষ্ট, লড়াই নেই। ধরেই নিয়েছে আমরা পারব না।’
এই প্রবণতাই মুক্তিযোদ্ধার জন্য অশনিসংকেত।
আজকের খেলা
আবাহনী-ফরাশগঞ্জ ও শেখ রাসেল-ফেনী সকার
(বিকেল ৪-১৫ মি. ও সন্ধ্যা ৬-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)