হাইতি থেকে দীর্ঘ ২০ ঘণ্টার বিমানভ্রমণ শেষে ভোর ৫টায় নামেন ঢাকা। ঘণ্টা চারেক পরই চট্টগ্রামের বিমানে। ওয়েডসন আনসালমে চাইলে বিশ্রাম নিতে পারতেন হোটেলে। কিন্তু শেখ জামালের জার্সি গায়ে গত দুটি প্রিমিয়ার লিগ ও দুটি ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতা ক্লান্তি ভুলে মাঠে নেমে পড়লেন স্বেচ্ছায়। ২৯ মিনিটে বক্সের ওপর দুজন ডিফেন্ডারকে ছিটকে মাটিঘেঁষা শটে দলকে এগিয়েও দিলেন।
কিন্তু শেষ পর্যন্ত শেখ জামালকে জয়ের হাসিতে ভরাতে পারেননি ‘নাম্বার টেন’। ওয়েডসন এলে আর সমস্যা থাকবে না, এমন আশার কথাই এত দিন শোনা যাচ্ছিল শেখ জামালের সবার মুখে। কিন্তু প্রথম ম্যাচে রহমতগঞ্জ তা পূরণ হতে দেয়নি। জয়সূচক গোলের জন্য ওয়েডসনের সব চেষ্টা ব্যর্থ করে ১-১ ড্রয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছে রহমতগঞ্জ।
দলটি যখন লিগ জয়ের লড়াইয়ে থাকার কথা বলেছিল, অনেকে হেসেছে। মোহামেডানের সঙ্গে ১-১ ড্র দিয়ে প্রিমিয়ার লিগ শুরু, শেখ রাসেলকে হারিয়ে চট্টগ্রামে তিন ম্যাচ খেলে রহমতগঞ্জ তুলে নিল ৫ পয়েন্ট। কোচ কামাল বাবু তাই বড় মুখ করে বলতে পারছেন, ‘চট্টগ্রাম থেকে ৫ পয়েন্ট নেওয়ার লক্ষ্য পূরণ করতে পারলাম। এটা আমাদের একটা অর্জন।’
তিন ম্যাচে ৫ পয়েন্ট গত দুবারের লিগ চ্যাম্পিয়ন শেখ জামালেরও। তবে কাল বৃষ্টিভেজা এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমার্ধটা যেভাবে খেলেছে শেখ জামাল, জয়টা পেতেই পারত। ওয়েডসন আসায় আক্রমণে ধার বেড়েছে। এমেকা আর ল্যান্ডিংয়ের সঙ্গে প্রচুর ওয়াল করেছেন ওয়েডসন। বারে শটও নিয়েছেন বেশ কয়েকটি। রহমতগঞ্জের গোলরক্ষক মাসুম প্রাচীর না তুললে হয়তো ৩ পয়েন্টই এনে দিতে পারতেন সনি নর্দের স্বদেশি। একবার তো এমেকা, ওয়েডসন, রাকিবের টানা তিনটি শট কোনো না কোনোভাবে আটকে দেন মাসুম। শেখ রাসেলের বিপক্ষে দলকে ৩ পয়েন্ট এনে দিতে অগ্রণী ভূমিকা ছিল তাঁরই।
গোলরক্ষক রহমতগঞ্জের অন্যদেরও উজ্জীবিত করেছেন। গোলও আসে ৫৮ মিনিটে। তূর্যর ঠেলে দেওয়া বল বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে সিও জুনাপিউ করলেন ১-১। ২-১ করতে করতেও শেষ পর্যন্ত পারেননি।
একবার তো গোললাইন থেকে শেখ জামালকে বাঁচান ডিফেন্ডার লিংকন, যিনি শুরুতে খেলছিলেন মাঝমাঠে। গোল হচ্ছে না দেখে ডিফেন্ডার কেষ্টকে তুলে শিহাবকে পাঠানো হয় আক্রমণে। লিংকন চলে আসেন রক্ষণে। তবু জয়সূচক গোলটা না পেয়ে হতাশ দেখাল ওয়েডসনকে। জুনাপিউ কেড়ে নিলেন তাঁর মুখের হাসি।